shono
Advertisement
KKR

'চাকরি' দিয়েছে কেকেআর! কলকাতায় পা রেখেই বেলা বোসকে ফোন 'বাঙালি' রাচীনের

আইপিএল শুরু হতে আর দিন দশেক বাকি। একে-একে দলে যোগ দিচ্ছেন দেশি-বিদেশি তারকারা। ন্যূনতম মূল্য ২ কোটি টাকায় কিউয়ি তারকাকে কিনেছে কেকেআর। শুক্রবার সকালে রাচীন রবীন্দ্রকে স্বাগত জানায় নাইটরা।
Published By: Arpan DasPosted: 02:47 PM Mar 20, 2026Updated: 02:47 PM Mar 20, 2026

কলকাতা নাইট রাইডার্সে বাঙালি ক্রিকেটার কই? প্রায়শই প্রশ্ন ওঠে। বাঙালি প্লেয়ারের অভাব আছে এটা যেমন ঠিক, তেমনই কেকেআরে বাঙালিয়ানা খুঁজেও হন্যে হন অনেকে। এবার আইপিএল শুরুর আগে বিদেশি ক্রিকেটারকে একেবারে বাঙালি সাজে এনে হাজির করল শাহরুখ খানের দল। নেপথ্যে বাজছে অঞ্জন দত্তের গান। নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচীন রবীন্দ্রকে নাইটরা স্বাগত জানাল 'রাচীন বাবু' রূপে।

Advertisement

আইপিএল শুরু হতে আর দিন দশেক বাকি। একে-একে দলে যোগ দিচ্ছেন দেশি-বিদেশি তারকারা। ন্যূনতম মূল্য ২ কোটি টাকায় কিউয়ি তারকাকে কিনেছে কেকেআর। শুক্রবার সকালে রাচীন রবীন্দ্রকে স্বাগত জানায় নাইটরা। আর তাতেই অভিনবত্ব। পরনে সুতোর কারুকাজ করা সুতির পাঞ্জাবি, চোখে চশমা। কে বলবে তিনি বাঙালি নন। নেপথ্যে বাজছে অঞ্জন দত্তের বিখ্যাত গান, 'বেলা বোস'।

এখানেই শেষ নয়। রাচীন হাতে তুলে নেন পুরনো দিনের কালো ল্যান্ড ফোন। তারপর খোঁজ করেন, 'এটা কি ২৪৪-১১৩৯?' এই গান শোনেননি এরকম বাঙালি কমই আছেন। কলকাতায় এসেই রাচীন খুঁজলেন বাঙালির অন্যতম প্রিয় কাল্পনিক চরিত্র 'বেলা বোস'কে। রাচীন জন্মসূত্রে ভারতীয়। তাঁর বাবা ছিলেন কর্নাটকের বাসিন্দা। কোঁকড়ানো চুলের রাচীনকে দেখে বাঙালি বলে ভুল করা খুব স্বাভাবিক। আবার নামে বাঙালির আরেক প্রাণের মানুষ 'রবীন্দ্রও' আছে। তবে রাচীন দীর্ঘদিন ধরে প্রেমিলা মোরারের সঙ্গে সম্পর্কে আছেন। তাই 'বেলা বোস'কে খুঁজে হন্যে হয়েও খুব একটা লাভ হবে না।

২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু কেকেআরের। তবে রাচীন নিয়মিত সুযোগ পাবেন কি না, সেটা একটা প্রশ্ন। অন্য দুই কিউয়ি ক্রিকেটার অ‌্যালেন আর শেফার্ট বৃহস্পতিবার রাতেই শহরে ঢুকে পড়েছেন। বরুণ চক্রবর্তীও তাই। ক‌্যামেরন গ্রিন চলে আসছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আসা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। মধ‌্যপ্রাচ্যে যুদ্ধের জন‌্য বিশ্বকাপের পরও বেশ কিছু দিন কলকাতায় থেকে যেতে হয়েছিল ড‌্যারেন স‌্যামিদের। তবে চব্বিশ ঘণ্টা আগেও সুনীল নারিন, রভম‌্যান পাওয়েল, আন্দ্রে রাসেলদের আসা নিয়ে যেরকম জটিলতা ছিল, সেটা অনেকটা কেটে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement