বাড়ির কর্তা ছোটবেলা থেকেই ক্রিকেটের পাগল ভক্ত। প্রিয় দল আরসিবি'র খেলা দেখে অসংখ্য সন্ধ্যা কেটেছে তাঁর। এবার সেই আরসিবিপ্রেমীর কোল আলো করে এল ফুটফুটে সন্তান। মহারাষ্ট্রের এক ছোট্ট শহরে সেদিন সকালটা ছিল অন্যরকম। সেদিন তাঁদের বাড়ি নবজাতকের নামকরণ অনুষ্ঠান। বাড়ির উঠোনে সাজানো রঙিন আলপনা, ফুলের মালা। আত্মীয়-স্বজনদের হাসি-আনন্দে ভরে উঠেছিল চারদিক। নামকরণের সেই অনুষ্ঠানে ছিল আলাদা চমক।
অতিথিরা ভাবছিলেন, নিশ্চয়ই পুরনো নিয়ম মেনেই নবজাতকের নাম ঘোষণা হবে। কিন্তু দম্পতির পরিকল্পনা ছিল একেবারেই অন্যরকম। মঞ্চের মাঝখানে রাখা ছিল একটি ফুলেল ক্যানভাস বোর্ড। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। ভিতরে কী আছে? শিশুটির বাবা ধীরে ধীরে তা উন্মোচন করলেন। আর ঠিক সেই মুহূর্তে বেরিয়ে এল আরসিবি'র লাল-কালো জার্সি! জার্সির পেছনে বড় বড় অক্ষরে লেখা শিশুটির নাম। সেই জার্সি মেলে ধরতেই সামনে আসে নাম - 'বিরাট'। সেই সময় সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন মা।
কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। তারপরেই ফেটে পড়ল করতালি আর উল্লাসে। কেউ হেসে উঠলেন, কেউ মোবাইলে সেই মুহূর্ত বন্দি করতে ব্যস্ত হয়ে পড়লেন। দম্পতির চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি। নিজেদের ভালোবাসা আর আবেগকে এমন অনন্যভাবে ভাগ করে নেওয়ার আনন্দ। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন গৌরী মহাদিক। তাঁর মতে, এটি 'অনন্য মুহূর্ত'। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও মুগ্ধ। কেউ লিখলেন, 'এটাই তো সত্যিকারের ফ্যানডম।' কেউ আবার বললেন, 'এটা আমার দেখা সেরা নামকরণ অনুষ্ঠান।' অন্য এক জনের মন্তব্য, 'এত সুন্দর আর হৃদয়ছোঁয়া মুহূর্ত সত্যিই বিরল।' এছাড়াও অসংখ্য ইউজার ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দেন পোস্টটি।
বিরাট কোহলির মতো প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখতে কার না ভালো লাগে! আর সেই স্বপ্নপূরণেই বারবার নিয়মের বেড়াজাল ভেঙে মাঠের ভিতর ছুটে যান ভক্তরা। আইপিএলের ম্যাচগুলি তো বটেই আন্তর্জাতিক ম্যাচগুলিতেও আখছার চোখে পড়েছে এমন ঘটনা। ভক্তের ভালোবাসার 'অত্যাচার' ভালোভাবেই সামলান কিং কোহলি। কখনও বলেন “আরাম সে।” অনেকেই বলছেন, এভাবে ভক্তদের পাশে থাকেন বলেই এতখানি ভালোবাসা পান প্রাক্তন আরসিবি নেতা। আর এবারের আইপিএল চলাকালীন আবারও ঠিক সেই রকম ভালোবাসা পেলেন বিরাট। ছোট্ট সেই শিশুটি হয়তো এখনও কিছুই বোঝে না। কিন্তু বড় হয়ে যখন সে জানবে তার নামকরণের গল্পটা, তখন হয়তো সেও হাসবে আর গর্ব করে বলবে, ভক্তের ভগবানের নামেই তার নাম।
