মরশুমের শুরুতে চারটে ম্যাচে খেলেছিলেন। তারপর থেকেই চোট সমস্যার জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন রোহিত শর্মা। বুধবার কার্যত মরণবাঁচন ম্যাচ হলেও মাঠে নামলেন না হিটম্যান। সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে এদিন খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে দেখা গেল, কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছেন হার্দিক পাণ্ডিয়ারা।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচটা দুঃস্বপ্নের মতো গিয়েছে মুম্বইয়ের। আইপিএলের ‘এল ক্লাসিকো’য় তারা হেরেছে ১০৪ রানে, ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে যা সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। সেই হারের ধাক্কা সামলে বুধবার মাঠে নেমেছে মুম্বই। অনেকের আশা ছিল, এই ম্যাচে অন্তত ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে রোহিত মাঠে নামবেন। কারণ মঙ্গলবার ওয়াংখেড়েতে পুরোদমেই ব্যাটিং করেছেন তিনি। তবে রোহিত সম্ভবত ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি। সেকারণেই হয়তো বুধবার তাঁর মাঠে নামা হল না।
টস করতে নেমে হার্দিক বলেন, "রোহিত খুব চেষ্টা করছে ফিট হওয়ার। কিন্তু কিছুতেই নিজের প্রতি সন্তুষ্ট হতে পারছে না। সেকারণেই ওকে প্রথম একাদশে রাখা হচ্ছে না। আমাদের অনুমান, আরও দুটো ম্যাচ সময় লাগতে পারে রোহিতের সম্পূর্ণ ফিট হয়ে উঠতে।" উল্লেখ্য, মুম্বইয়ের পরের ম্যাচ দু'টি যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেখানে রোহিতের খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে ইডেনে কেকেআরের বিরুদ্ধে হয়তো খেলতে নামবেন রোহিত।
এদিন খেলতে নামার আগে অবশ্য শোকের ছায়া মুম্বই শিবিরে। দলের তরফে জানানো হয়, এক সাপোর্ট স্টাফের কন্যার মৃত্যু হয়েছে। সেই অকালপ্রয়াণে শোকজ্ঞাপন করে কালো আর্ম ব্যান্ড পরে বুধবার মাঠে নেমেছেন সূর্যকুমার যাদবরা।
মুম্বই প্রথম একাদশ: রায়ান রিকেলটন, উইল জ্যাকস, নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রবিন মিঞ্জ, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ, এএম গাজানফার, অশ্বনী কুমার
