আইপিএলে বোলিং যে সবচেয়ে বড় চিন্তা কেকেআরের, সেটা আর কারও অজানা নয়। তবে সেটা মূলত পেস বিভাগ। স্পিন বিভাগ নিয়ে চিন্তার বিশেষ কারণ থাকার কথা নয় নাইটদের। দলে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর মতো রহস্য স্পিনাররা রয়েছেন। যদিও প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ওই দুই স্পিনারকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।
বস্তুত, চোটআঘাত জনিত সমস্যা যদি এই আইপিএলে কোনও দলকে সবচেয়ে বেশি ভুগিয়ে থাকে তাহলে সেটা কেকেআর। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়েছে। হর্ষিত রানা ও আকাশ দীপ চোটের জন্য ছিটকে গিয়েছেন। মাথিশা পাথিরানা কবে ছাড়পত্র পাবেন অজানা। সব মিলিয়ে আইপিএল শুরুর এক সপ্তাহ আগে বোলিং নিয়ে প্রবল ঝঞ্ঝার মধ্যে কলকাতা নাইট রাইডার্স। যা নিয়ে সতর্কবার্তা শোনা গেল প্রাক্তন তারকা স্পিনারের মুখে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলে দিয়েছেন, কেকেআর বোলিংয়ে আর সেই রহস্য ও অভিনবত্ব নেই যা প্রতিপক্ষকে সাবধানে পদক্ষেপ করতে বাধ্য করবে।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলে দিয়েছেন, কেকেআর বোলিংয়ে আর সেই রহস্য ও অভিনবত্ব নেই যা প্রতিপক্ষকে সাবধানে পদক্ষেপ করতে বাধ্য করবে।
পেসারদের অনভিজ্ঞতার জেরে কেকেআর আঁকড়ে ধরতে চাইবে, টিমের দুই শক্তিশালী স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে। যদিও অশ্বিন বলে দিচ্ছেন, "আমার মনে হয় না, প্রতিপক্ষ আর কেকেআর বোলিং নিয়ে উদ্বিগ্ন হবে। সেই রহস্য, নতুনত্ব এবং ভয়, যা আগে তফাত গড়ে দিত তা এবার নেই। আগে কেকেআর ম্যাচ হলে ব্যাটাররা অ্যনালিস্টের সঙ্গে পড়ে থাকত, বোলারের হাতের উপর ফোকাস করত। নয়তো ঝুঁকিহীন শট খেলত। এবার তা হওয়ার সম্ভাবনা নেই।"
নিজের ভবিষ্যদ্বাণীর নেপথ্যে কেকেআরের দুই তারকা স্পিনারের সাম্প্রতিক পারফরম্যান্সকে চিহ্নিত করেছেন অশ্বিন। তাঁর বিশ্লেষণ, "বরুণ কেরিয়ারে সেই পর্যায়ে রয়েছে, যেখানে ওকে কিছু জবাব খুঁজতে হবে। আর সেটা সব ক্রিকেটারের সঙ্গেই হয়। কিন্তু আপাতত ওর বোলিংয়ে তেমন অচেনা কিছু নেই। নারিনও বোলিং অ্যকশনের কারণে অনেক সীমাবদ্ধ হয়েছে। ও আর হঠাৎ করে বলের গতি বাড়াতে পারে না।"
