shono
Advertisement
Yash Dayal

নাবালিকা ধর্ষণের বিস্ফোরক অভিযোগ, আইপিএলের আগেই তারকা ক্রিকেটারকে 'ছাঁটাই' কোহলিদের

গতবারের আইপিএল জেতা আরসিবির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারকা ক্রিকেটার। তবে সম্প্রতি গোপনে বিয়ে সেরে ফেলেছেন তিনি।
Published By: Arpan DasPosted: 03:56 PM Mar 24, 2026Updated: 04:12 PM Mar 24, 2026

আইপিএল শুরুর আগেই এক পেসারকে ছেঁটে ফেলল আরসিবি। গতবার বিরাট কোহলিদের চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যশ দয়ালের (Yash Dayal)। কিন্তু তারপর নাবালিকাকে যৌন হেনস্তায় অভিযুক্ত হন তারকা পেসার। তারও আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এবার তাঁকে ছাড়াই আইপিএল অভিযানে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও তাদের তরফ থেকে জানানো হয়েছে ব্যক্তিগত কারণে 'বিশ্রাম' নিচ্ছেন দয়াল।

Advertisement

আরসিবি'র ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট জানিয়েছেন, "এবার দয়াল আমাদের সঙ্গে থাকছে না। কিছু ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ওর সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। ওর ভালোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।" এমনিতেই একাধিক বিতর্কে জর্জরিত আরসিবি। আইপিএল জয়ের পর সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। মনে করা হচ্ছে, আর বিতর্ক বাড়াতে চায় না আরসিবি। তাই দয়ালকে 'বাদই' দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাঁচ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ ছিল দয়ালের বিরুদ্ধে। মানসিকভাবেও লাগাতার নির্যাতনের অভিযোগ ছিল। এছাড়া নাবালিকাকে যৌন হেনস্তা, ধর্ষণ, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এখনও ঝুলছে এফআইআর। তা নিয়ে কম বিতর্ক হয়নি। তবে যাবতীয় অভিযোগ, এফআইআর এবং গ্রেপ্তারির ভয় নিয়েই সম্প্রতি বিয়ে সেরেছেন দয়াল। গত ৪ ফেব্রুয়ারি নয়ডায় একেবারে চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন তিনি। পাত্রী শ্বেতা পুন্দির সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

গতবারের আইপিএল জেতা আরসিবির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দয়াল। ১৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছিলেন। দয়ালকে যে ছেড়ে দেওয়া হতে পারে, তা নিয়ে আগেই জল্পনা ছিল। নেটিজেনরা লক্ষ্য করেছেন, আরসিবি’র টিম বাসে দয়ালের ছবি নেই। অবশেষে দয়ালের না থাকার খবরে সিলমোহর দিল কর্তৃপক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement