মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান ধরলে, আইপিএল উনিশে এ নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল সঞ্জু স্যামসনের। কিন্তু কোথাও গিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবার তাঁর করা প্রথম আইপিএল সেঞ্চুরির চেয়েও অধিক চর্চা হচ্ছে দ্বিতীয়টা নিয়ে। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করা সেঞ্চুরি নিয়ে। দেশের দুই স্পিন কিংবদন্তি অনিল কুম্বলে এবং হরভজন সিং যেমন। সঞ্জুর সেঞ্চুরির চেয়েও তাঁদের বেশি আকর্ষণ করছে ভারতীয় ওপেনারের 'গেম অ্যাওয়ারনেস'।
মুম্বইয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার ওয়াংখেড়েতে ৫৪ বলে ১০১ করে যান সঞ্জু। যা দেখার পর সম্প্রচারকারী সংস্থায় দেশের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে বলে দেন, "সিএসকে-র সাফল্য অনেকটা নির্ভর করে ওপেনারদের ভালো পারফরম্যান্সের উপর। ইতিহাস তাই বলে। কিন্তু গত কয়েক বছর সেটা ধারাবাহিক ভাবে হয়নি। সঞ্জু সেই অভাব পূরণ করে দিয়েছে ওদের। সাতটা ম্যাচ খেলে দু'টো সেঞ্চুরি করে ফেলল। টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ও।" টেস্টে ৬১৯ উইকেটের মালিক কোথাও যেন সঞ্জুর সঙ্গে মিল পাচ্ছেন রাজস্থান রয়্যালসের জস বাটলারের সঙ্গে। যিনি ২০২২ সালে আইপিএল ফাইনালে তুলেছিলেন পূর্বতন টিমকে (বর্তমানে গুজরাট টাইটান্সে খেলেন বাটলার)। "সঞ্জুকে দেখে আমার ২০২২ সালের বাটলারের কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক এ ভাবেই প্রভাব বিস্তার করত। টিমকে টেনে নিয়ে যেত। সঞ্জু প্রমাণ করে দিচ্ছে, ক্রিকেটার হিসেসেব ঠিক কতটা উন্নতি হয়েছে ওর,” বলতে থাকেন কুম্বলে।
হরভজন সিং-তাঁর মতে, মুম্বইয়ের বিরুদ্ধে সঞ্জুর সেঞ্চুরি কেরালা ব্যাটারের শ্রেষ্ঠতম ইনিংসের অন্যতম। "সবচেয়ে ভালো লাগছে, সঞ্জুর গেম অ্যাওয়ারনেস দেখে। প্রতিভা অনেকেরই থাকে। কিন্তু সবাই বুঝতে পারে না, কোন গতিতে নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে হবে। মুম্বইয়ের বিরুদ্ধে সঞ্জু বুঝে গিয়েছিল যে, শেষ পর্যন্ত ওকে থাকতে হবে। জুনিয়রদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে," সম্প্রচারকারী সংস্থায় বলে দিয়েছেন হরভজন। "হাফসেঞ্চুরির পর নিজের ইনিংসের গিয়ার বদলালো সঞ্জু। সিঙ্গলস-ডাবলস নিতে শুরু করল। আসলে ও চাইছিল, ইনিংসের শেষ পর্যন্ত থাকতে। মনে রাখবেন, উল্টোদিকে পরের পর উইকেট পড়ছিল। কিন্তু সঞ্জুকে টলানো যায়নি। দায়িত্ব নিয়ে টিমের ফিনিশটা দারুণ ভাবে করল। আমার মতে, মুম্বইয়ের বিরুদ্ধে সঞ্জুর সেঞ্চুরি ওর শ্রেষ্ঠ ইনিংসের একটা," বলে দিয়েছেন 'টার্বানেটর'।
