পিএসএল ছেড়ে আইপিএলে যোগদানের তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসন (Spencer Johnson) যোগ দিচ্ছেন চেন্নাই সুপার কিংসে (CSK)। মজার কথা হল, দিন কয়েক আগেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তখন 'ব্যক্তিগত' কারণ দেখান। এবার আইপিএলে (IPL 2026) যোগ দিচ্ছেন। চেন্নাই সুপার কিংস তাঁকে সই করিয়েছে। অস্ট্রেলিয়ারই পেসার নাথান এলিসের বদলি হিসাবে আইপিএলে এলেন তিনি।
জল্পনা সত্যি করে পিএসএল ছেড়ে আইপিএলে চলে এলেন দাসুন শানাকা। চোট পাওয়া স্যাম কারানের বদলি হিসেবে রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন ৩৪ বছরের এই শ্রীলঙ্কান অলরাউন্ডার। সোমবার ফ্র্যাঞ্চাইজির তরফে একথা ঘোষণা করা হয়। এর আগে পিএসএল ছেড়ে আইপিএলে এসে কেকেআরে যোগ দিয়েছেন জিম্বাবোয়ে পেসার ব্লেসিং মুজারাবানি।
এদিকে অজি পেসার মিচেল স্টার্ককে দ্রুত পাওয়া নিয়ে আশাবাদী দিল্লি ক্যাপিটালস। কিছুদিন আগেও পুরো ফিট ছিলেন তিনি। অ্যাসেজে দুরন্ত পারফর্ম করেছেন। মাঠে নেমেছেন বিগ ব্যাশ লিগেও। তাঁরই নাকি হঠাৎ করে তৈরি হয়েছে ফিটনেস ইস্যু। তাই তাঁকে আইপিএলে আসার জন্য ছাড়পত্র দিচ্ছে না তাঁর দেশের ক্রিকেট বোর্ড। ফলে তিনি আদৌ খেলবেন কি না, খেললে কবে এসে দলে যোগ দেবেন- সবটাই অন্ধকারে। তাঁর ফ্র্যাঞ্চাইজি অবশ্য প্রথম ম্যাচ থেকেই তাঁকে পাওয়ার বিষয়ে আশাবাদী।
অস্ট্রেলীয় পেসার এবারও বড় ভরসা দিল্লি ক্যাপিটালসের। কিন্তু তিনি কবে দলে যোগ দেবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার 'এনওসি' এখনও পাননি স্টার্ক। দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট অবশ্য দ্রুত ধোঁয়াশা কাটার বিষয়ে আশাবাদী। দলের ক্রিকেট ডিরেক্টর বেনুগোপাল রাওয়ের বক্তব্য, "স্টার্ক আসবে খুব তাড়াতাড়ি। শুধু ক্রিকেট অস্ট্রেলিয়ার ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। ওরা স্টার্কের ফিটনেস আর ওয়ার্কলোডের মতো বিষয়গুলি দেখছে। আমরাও নজর রাখছি।"
এসবের মধ্যে আবার দেশকে প্রাধান্য দিয়ে আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের তারকা বেন ডাকেট। তিনি জানিয়ে দিয়েছেন,জাতীয় দলকে প্রাধান্য দিতে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। ২ কোটি টাকায় ডাকেটকে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। মরশুম শুরুর আগে ডাকেট নাম তুলে নেওয়ায় দিল্লি ক্যাপিটালস অথৈ জলে।
