আইপিএল মূলত ব্যাটারদের খেলা! চার-ছক্কার মধ্যে হারিয়ে যায় বোলারদের কৃতিত্ব। তার মধ্যেও ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ, সুনীল নারিনরা উজ্জ্বল। এবার তাঁদের জন্য নতুন নিয়মের প্রস্তাব নিয়ে হাজির সুনীল গাভাসকর। ব্যাটাররা যদি সর্বোচ্চ ২০ ওভার ব্যাট করতে পারেন, তাহলে বোলাররা নির্ধারিত ৪ ওভারের থেকে বেশি বল করতে পারবেন না? প্রশ্ন তুলে এক বিশেষ শর্ত রাখছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
এখন অনায়াসে ২০০-র উপর রান উঠে যাচ্ছে। ব্যাটিং সর্বস্ব পিচ বানাচ্ছেন কিউরেটররা, ছোট করে দেওয়া হয়েছে মাঠের গণ্ডি। তবে গাভাসকরের মত, পিচে ব্যাটার-বোলার উভয়পক্ষ সুবিধা পেলেই ম্যাচ আরও টানটান হয়। বিশেষ করে পেসারের সুবিধার জন্য পিচ করার পক্ষে রায় দিচ্ছেন গাভাসকর।
তাঁর সঙ্গে তিনি বলেন, "আমার মনে হয়, একজন বোলারকে চার ওভার বল করানোর বিষয়টি এবার খতিয়ে দেখা উচিত। যদি একজন ব্যাটার পুরো ২০ ওভার ব্যাট করতে পারেন, তাহলে বোলাররা কেন নয়? একজন বোলার চার ওভারে তিন উইকেট পেলে পুরস্কার হিসেবে একটি বেশি ওভার বল করার অনুমতি কেন দেওয়া হবে না? তাহলে দলগুলো আর রান বাঁচানোর চেষ্টা না করে উইকেট তুলতে চাইবে। কিংবা ভাবতেই পারেন যে তিনজন বোলার তিনটি করে উইকেট তুললেন, তাহলে প্রত্যেকে একটি করে অতিরিক্ত ওভার পাবেন। এরকম হলে বোলাররাও লড়াইয়ের জায়গা পাবে।"
উল্লেখ্য, রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেখানে আরসিবি'র ভুবনেশ্বর কুমার ও মুম্বইয়ের করবিন বশ ৪টি করে উইকেট পান। শেষ ওভারে বেঙ্গালুরুর জিততে ১৫ রান দরকার ছিল। কিন্তু তরুণ পেসার রাজ অঙ্গদ বাওয়া ম্যাচ জেতাতে পারেননি। গাভাসকরের প্রস্তাব অনুযায়ী, শেষ ওভারে করবিন বশ পঞ্চম ওভারটি করলে ফল অন্যরকম হতে পারত।
