shono
Advertisement

আইপিএলের আগে মেজাজ হারিয়ে বিতর্কে কেকেআর তারকা, ক্ষমা চাইতে হল সহকারী কোচকে

ইডেনে প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনও কেকেআর দলের সঙ্গে যোগ দেওয়ার আগে বিতর্কে জড়ালেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্যামেরন গ্রিন।
Published By: Prasenjit DuttaPosted: 09:41 PM Mar 18, 2026Updated: 10:35 PM Mar 18, 2026

দিন দশ পরেই আইপিএলের ঢাকে কাঠি। ইডেনে প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে দলের সঙ্গে যোগ দেওয়ার আগে বিতর্কে জড়ালেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্যামেরন গ্রিন। উত্তাপ এতটাই ছড়িয়েছিল যে, অজি তারকাকে বাঁচাতে ক্ষমা চাইতে হল সহকারী কোচকে।

Advertisement

ঘটনাটা অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের একটি ম্যাচের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের ম্যাচ চলছিল। কিন্তু তাল কাটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের বাইরের একটি ঘটনায়। তৃতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে ছিলেন গ্রিন। শুরুটা স্বাভাবিকই ছিল। প্রথম ইনিংসে শতরান নিয়ে প্রশ্ন করা হলে গ্রিন বলেন, “হ্যাঁ, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। প্রথম তিন দিন আমরা ভালো খেলেছি, আশা করছি ম্যাচও জিতব।”

এরপরই পরিস্থিতি বদলে যায়। কী হয়েছিল? সাম্প্রতিক অতীতে তাঁর খারাপ ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে তিতিবিরক্ত হয়ে ওঠেন। “আমি এই প্রশ্নের উত্তর দেব না। পরের প্রশ্ন করুন,” রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন কেকেআরের এই ক্রিকেটার। ঘটনার শেষ এখানেই নয়। সাংবাদিক সম্মেলন শেষে ওই সাংবাদিককে গ্রিন বলেন, “আপনি সময় নষ্ট করেন।” পালটা জবাবে ওই সাংবাদিক জানান, গোটা দিন অপেক্ষা করেছেন তিনি। এমন কথা শোনার পর গ্রিনের উত্তর, "তাহলে কেন আমার পিছনে পড়ে আছেন?" পরে অবশ্য য়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহকারী কোচ বিউ কাসন ক্ষমা চেয়ে নেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম 'দ্য এজ'-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাঠের বাইরেও মানসিকভাবে খুব একটা স্বস্তিতে নেই গ্রিন। সাংবাদিক টম ডেসেন্ট তাঁর সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশির তকমা এখন ক্যামেরন গ্রিনের নামে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে মিনি নিলামে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসাবে তাঁকে দলে নিয়েছে নাইটরা। তবে দেশের জার্সিতে তাঁর সাম্প্রতিক ফর্ম কেকেআরের উদ্বেগ বাড়িয়েছে। নেটিজেনরা বলছেন, আইপিএলের মতো বিশ্বমানের লিগে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। সেখানে মেজাজ হারালে চলবে না। এখন দেখার, আসন্ন আইপিএলে নাইটদের কতটা অক্সিজেন জোগাতে পারেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement