বাংলাদেশের কাছে টেস্টে লজ্জার হার পাকিস্তানের (PAK vs BAN)। এই প্রথমবার পদ্মাপারে টেস্ট হারল পাক বাহিনী। এখানেই শেষ নয়। ম্যাচের মাঝে পাক তারকা মহম্মদ রিজওয়ানকে চরম ট্রোল বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের। যা শুনে হেসে গড়িয়ে পড়ছে নেটপাড়া। রিজওয়ানের উদ্দেশে বাংলাতেই লিটন বলেন, "ও আর দেশে ফিরতে পারবে না।"
শেষদিনে পাকিস্তানের জন্য লক্ষ্য ছিল ২৬৮। কিন্তু নাহিদ রানার গতির সামনে সব প্রতিরোধ ভেঙে পড়ে। একটা সময় ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের রান ছিল ১৩৯। ব্যাট করছিলেন মহম্মদ রিজওয়ান। বোলিংয়ে ছিলেন তাইজুল ইসলাম। ম্যাচ বাঁচাতে ধীরগতিতে ব্যাটিং করছিলেন রিজওয়ান। সেই সময় উইকেটের পিছন থেকে লিটন স্লেজিং করতে থাকেন। তিনি বলেন, "ওই দেশে (পাকিস্তানে) ওর (রিজওয়ানের) রেপুটেশন এমনিই খুব খারাপ। এখন ম্যাচ বাঁচানোর জন্য খেলবে। কোনও সুযোগ নেই। এখন যদি মারতে গিয়ে আউট হয়, তাহলে আর দেশেই ঢুকতে পারবে না। ওর রেপুটেশন খুব খারাপ।"
রিজওয়ান কোনও রকমে ১৫ রান করেন। নাহিদ রানার গতি তাঁর উইকেট ভেঙে দেয়। শান মাসুদরা হারেন ১০৪ রানে। অবশ্য এই জয়ের নেপথ্যে আরেকজনের অবদান আছে। তিনি পাকিস্তানেরই সলমন আলি আঘা। ২৬৮ রানের লক্ষ্য তাঁর 'সহজ' বলে মনে হয়েছিল। পঞ্চম দিনের ম্যাচের আগে সলমন রীতিমতো ঘোষণা করেছিলেন, "আমার জেতার জন্য ঝাঁপাব। ওরা যদি সাহসী হয়, তাহলে ৭০ ওভার আর ২৭০ রান দিক। আমরা অনায়াসে সেটা তাড়া করে জিতে নেব। কিন্তু আমার মনে হয় না, সেটা ওরা পারবে না।"
ঢাকায় প্রথম টেস্টে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৪১৩ রান। সেঞ্চুরি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জবাবে আজান আওয়াইসের সেঞ্চুরিতে পাকিস্তানের ইনিংস থামে ৩৮৬ রানে। মেহেদি হাসান পান ৫টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করে বাংলাদেশ। শেষমেশ ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
