ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে জায়গা হচ্ছে না। বলব না, বলব না করেও পাকিস্তানের ক্রিকেটার খুশদিল শাহ (Khushdil Shah) শেষমেশ মুখ খুলেই ফেললেন। কিন্তু কেন পাক দলে ব্রাত্য খুশদিল? তাঁর দাবি, সোশাল মিডিয়ায় কোরানের আয়াত পোস্ট করেন না বা নিজের কথা ঢাক পিটিয়ে বলেন না বলেই বঞ্চনার শিকার হতে হচ্ছে তাঁকে।
২০১৯ সালে পাক দলে অভিষেক হয়। কিন্তু গত সাত বছরে মাত্র ১৫টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৫-র আগস্টের পর আর পাক দলে সুযোগ হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন না। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে শাহিন শাহ আফ্রিদিদের পিটিয়ে ১৪ বলে ৪৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে করাচি কিংসকে জিতিয়েছেন। তারপরই জাতীয় দলের বঞ্চনা নিয়ে সরব খুশদিল।
ম্যাচের পর রামিজ রাজাকে তিনি বলেন, "আমি সবার থেকে আলাদা। আমি সোশাল মিডিয়ায় খুব একটা পোস্ট করি না। সেখানে কোরানের আয়াত পোস্ট করে বলি না যে, আমার সঙ্গে কত অন্যায় হচ্ছে। আমি পুরনো কথার চর্চা করি না, এসব ভেবে মনে ক্ষোভ পুষে রাখি না। ঘরোয়া ক্রিকেটে পাঁচ-ছয় নম্বরে আমি ৭০০-৮০০ রান করেছি, ডবল সেঞ্চুরি করেছি। দেড়শো করেছি, বড় ইনিংস খেলেছি। তবুও আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।"
জাতীয় দলের জার্সিতে অবশ্য খুশদিলের পারফরম্যান্স তেমন ভালো নয়। ১৫ ওয়ানডের ১২ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে রান মাত্র ৩২৮। অন্যদিকে টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে তাঁর রান ৪৩৪। স্ট্রাইক রেট ১০৪.০৭। ১০ ম্যাচে উইকেট মাত্র ৬টি।
