shono
Advertisement
PSL 2026

এক ম্যাচে চার একাদশ! অদ্ভুত নিয়ম পাকিস্তান সুপার লিগে, কিন্তু কেন?

পাকিস্তান সুপার লিগ শুরু হতেই ক্রিকেটমহলে নতুন চমক। এই ফ্র্যাঞ্চাইজি লিগে চালু হয়েছে এক অভিনব নিয়ম, যা ম্যাচের মোড় ঘোরাতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Published By: Prasenjit DuttaPosted: 03:29 PM Mar 27, 2026Updated: 05:36 PM Mar 27, 2026

পাকিস্তান সুপার লিগ (PSL 2026) শুরু হতেই ক্রিকেটমহলে নতুন চমক। এই ফ্র্যাঞ্চাইজি লিগে চালু হয়েছে এক অভিনব নিয়ম, যা ম্যাচের মোড় ঘোরাতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কী সেই নয়া নিয়ম? এক ম্যাচে চার একাদশ নিয়ে নামতে পারবে দলগুলো! কীভাবে?

Advertisement

নতুন নিয়ম অনুযায়ী, টসের সময় দুই দলের অধিনায়ককে সঙ্গে রাখতে হবে দু'টি আলাদা টিম শিট। অর্থাৎ, ম্যাচ শুরুর আগে প্রত্যেক দল সম্ভাব্য দু'টি একাদশ ঠিক করে রাখবে। টসের পর দু'টি তালিকা থেকে একটি চূড়ান্ত করে সই করতে হবে অধিনায়ককে। একবার দল চূড়ান্ত হয়ে গেলে প্রতিপক্ষের সম্মতি ছাড়া আর কোনও পরিবর্তন করা যাবে না। অর্থাৎ টস হওয়ার পর পছন্দের প্রথম একাদশ বেছে নিতে পারবেন অধিনায়কেরা। 

পিএসএলের নিয়মের 'নমিনেশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ প্লায়ার্স' শাখার ১.২.১ ধারায় বলা হয়েছে, "দু'টি টিম শিটে ১১ জন করে ক্রিকেটার থাকবেন। সর্বোচ্চ ৪ জন বদলি ফিল্ডারের নাম দেওয়া যাবে। দু'টি তালিকাই টসের আগে ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে। টসের পর অধিনায়ক একটি তালিকা বেছে নিতে পারবেন। চূড়ান্ত তালিকায় সই করবেন অধিনায়ক। যাতে পরে বিভ্রান্তি তৈরি না হয়। চূড়ান্ত দল নির্বাচনের পর প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি ছাড়া তাতে কোনও পরিবর্তন করা যাবে না।" নিয়মটি পিএসএলের উদ্বোধনী ম্যাচ থেকেই কার্যকর হয়েছে। প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও হায়দরাবাদ কিংসমেন অধিনায়ক মার্নাস লাবুশানে দু'টি করে টিম শিট নিয়ে মাঠে নেমেছিলেন।

নতুন নিয়ম কতটা যুক্তিযুক্ত? অনেকেই বলছেন, ম্যাচের ফলাফল অনেক সময় টসের উপর নির্ভর করে। টস হেরে অনেক অধিনায়ক প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগেন। এক্ষেত্রে কোচের সঙ্গে কথা বলতে পারবেন তিনি। নতুন নিয়মের পর অধিনায়কদের সমস্যা অনেকটাই কাটবে। যে দল আগে ব্যাটিং করবে, তারা একজন স্পিনারের বদলে বাড়তি ফাস্ট বোলার খেলানোর সুযোগ পাবে। পরে বোলিং করলে দলগুলো ব্যাটিং অর্ডার আরও শক্তিশালী করে নিতে পারবে। তাছাড়াও শিশির সমস্যাও অনেকটা দূর হবে বলে মত বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, প্রথম ম্যাচে জয় পেয়েছে লাহোর কালান্দার্স। প্রথমে ব্যাট করে লাহোর তোলে ১৯৯ রান। ৩৯ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ফখর জামান। অপরাজিত ৪০ রান করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন হাসিবুল্লাহ খান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় কিংসমেনরা। ৬৯ রানের বড় জয় দিয়ে পিএসএল অভিযান শুরু করেছে লাহোর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement