shono
Advertisement
Salman Ali Agha

পাকিস্তানেও বিদ্রূপ! রান আউট নিয়ে আঘাকে খোঁচা রাওয়ালপিণ্ডি ট্রাফিক পুলিশের

রাওয়ালপিণ্ডির পুলিশ সোশাল মিডিয়ায় একটি গ্রাফিক্স পোস্ট করেছে। সেখানে রাস্তার উপর আঘার রান আউট হওয়ার মুহূর্তের ছবি বসানো হয়েছে। সেখানে কী লেখা হয়েছে?
Published By: Prasenjit DuttaPosted: 03:26 PM Mar 15, 2026Updated: 03:59 PM Mar 15, 2026

দ্বিতীয় ওয়ানডেতে রান আউট হয়ে বাংলাদেশের ‘স্পোর্টসম্যান স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সলমন আলি আঘা (Salman Ali Agha)। তাতে অবশ্য লাভের লাভ কিছু হয়নি। আইসিসি’র শাস্তির কবলে পড়তে হয় তাঁকে। এবার পাকিস্তান ক্রিকেটারের মানসিকতা নিয়ে খোঁচা দিতে ছাড়ল না রাওয়ালপিণ্ডি ট্রাফিক পুলিশ। 

Advertisement

পাক ক্রিকেটারকে ‘আটকে’ রানআউট করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। নিয়মমাফিক তিনি আউট। ক্ষুব্ধ সলমন গ্লাভস ও হেলমেট ছুড়ে ফেলে দেন। যা আইসিসি আচরণবিধির ২.২ ধারার আওতায় লেভেল-১ অপরাধ হিসাবে গণ্য হয়। তাঁর বিরুদ্ধে ক্রিকেট সরঞ্জাম অপব্যবহারের অভিযোগে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। এই ঘটনার পরেই সাধারণ মানুষকে সচেতন করতে সলমনের রান আউটের ঘটনা ব্যবহার করেছেন রাওয়ালপিণ্ডির পুলিশ কর্তারা।

রাওয়ালপিণ্ডির পুলিশ সোশাল মিডিয়ায় একটি গ্রাফিক্স পোস্ট করেছে। সেখানে রাস্তার উপর আঘার রান আউট হওয়ার মুহূর্তের ছবি বসানো হয়েছে। সেখানে আবছা করে দেওয়া হয়েছে সলমনের মুখ। ক্যাপশনে লেখা হয়েছে, 'রাস্তায় হোক কিংবা খেলার মাঠে, নিরাপত্তার প্রাথমিক বিষয় শুরুই হয় ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে। নিজের উপর আস্থা রাখুন। সতর্ক থাকুন। নিজেকে এবং অন্যদের নিরাপদ রাখতে যথাযথ সিদ্ধান্ত নিন।' অর্থাৎ অসাবধানতা নিজের এবং অন্যের বিপদ ডেকে আনতে পারে। রাওয়ালপিণ্ডি ট্রাফিক পুলিশের এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাক ব্যাটিংয়ের ৩৯তম ওভারে। বল করছিলেন মিরাজ, ব্যাটে মহম্মদ রিজওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলেন রিজওয়ান। নন-স্ট্রাইকিং এন্ডে থাকা সলমন বলটি পাশ দিয়ে যেতে দিচ্ছিলেন। সেই সময় মিরাজ পা দিয়ে বলটি ঠেকান। সলমন আবার বল থামার আগেই তা তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সুযোগ না দিয়ে মিরাজ বল তুলে উইকেটে ছুড়ে দেন। তখন সলমন ক্রিজের বাইরে ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement