দীর্ঘ ১৭ বছরের সফল অধ্যায়ের ইতি টানলেন স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming)। পারস্পরিক সমঝোতায় চেন্নাই সুপার কিংস (CSK) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ক ও কোচ। সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শেষবার ২০২৩ সালে আইপিএলের প্লে-অফ খেলেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এরপর টানা তিন মরশুম পয়েন্ট তালিকার নিচের দিকে শেষ করে দলটি। অনেকেই মনে করছেন, সেই হতাশা থেকেই হেডকোচের পদ থেকে সরে দাঁড়ালেন ফ্লেমিং। সিএসকে লিখেছে, 'দুই পক্ষের সম্মতিতেই সুপার কিংস এবং প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের পথচলা আলাদা হয়েছে। একসঙ্গে আমরা আইপিএলের ইতিহাসে সবচেয়ে অন্যতম সফল ও স্মরণীয় পার্টনারশিপ গড়ে তুলেছি। আপনার অধীনে গড়ে তোলা ঐতিহ্য আমাদের আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, স্টিফেন।'
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন ফ্লেমিং। ২০০৯ সাল থেকে হেডকোচের দায়িত্ব পান। তাঁর আমলেই পাঁচবার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয় সিএসকে। তাছাড়া দু'টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফিও জেতে ইয়েলো আর্মি। তাঁর অধীনে ১২ বার প্লেঅফে এবং ১০ বার খেলেছে ফাইনাল খেলেছে সিএসকে। মাঝে দুই মরশুম চেন্নাই নিষিদ্ধ থাকলেও ফ্র্যাঞ্চাইজি ছাড়েননি তিনি। এবার সুপার কিংস গ্রুপের অধীনে থাকা সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই সম্পর্ক ছিন্ন হল অভিজ্ঞ এই কোচের।
ফ্লেমিং বলেন, "১৮ বছর মানে এক বিরাট সময়। আমি এখান থেকে কেবল কৃতজ্ঞতা নিয়েই বিদায় নিচ্ছি। সিএসকে-র সঙ্গে কাটানো সময় আমার কোচিং কেরিয়ারে বিশেষ প্রাপ্তি। আমরা যা পেয়েছি, তা নিয়ে গর্বিত। অসংখ্য অবিস্মরণীয় জয় উদযাপন করেছি। কঠিন সময়ও পার করেছি। সবমিলিয়ে বহু স্মৃতি তৈরি করেছি। যা সারাজীবন আমার সঙ্গে থাকবে। সিএসকে সবসময়ই আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে। আগামী বছরগুলোতেও এই দলের জন্য সমর্থন জানিয়ে যাব।"
সিএসকে মালিক রূপা গুরুনাথও ফ্লেমিংয়ের অবদানের প্রশংসা করেছেন। তাঁর কথায়, "এই ফ্র্যাঞ্চাইজির যাত্রাপথের প্রায় পুরো সময়েই আমাদের কোচিং ইউনিটের প্রাণকেন্দ্র ছিলেন স্টিফেন ফ্লেমিং। প্রায় দু'দশক ধরে তিনি আমাদের পরিচিতি, দৃষ্টিভঙ্গি এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে গড়ে তুলতে সহায়তা করেছেন। সুপার কিংস পরিবারের পক্ষ থেকে তাঁর নিষ্ঠা, আবেগ এবং নেতৃত্বের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের পথ চলার ইতি ঘটলেও, তিনি সবসময় এই দলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন।" ফ্র্যাঞ্চাইজির ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথনও জানিয়েছেন, ফ্লেমিংয়ের দীর্ঘ যাত্রার অংশ হতে পেরে তাঁরা গর্বিত।
