ওয়াশিংটন সুন্দর। হর্ষিত রানা। যশপ্রীত বুমরাহর পর এবার কি অভিষেক শর্মা! টি-২০ ক্রিকেটের 'ফার্স্ট বয়' ব্যাটারকে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আদৌ পাওয়া যাবে তো? ম্যাচের দু'দিন আগে বড়সড় প্রশ্ন ভারতীয় শিবিরে।
ভারতীয় শিবির সূত্রের খবর, অভিষেক বেশ কিছুদিন অসুস্থ বোধ করছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর ব্যাট কথা বলেনি। এমনকী, প্রথম ওভারে আউট হয়ে যাওয়ার পর তিনি আর মাঠে ফেরেননি। ফিল্ডিংও করেননি। শোনা যাচ্ছে, প্রথম ম্যাচেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি। তাঁকে একপ্রকার জোর করেই নামিয়ে দেওয়া হয়। তিনি শেষে ফিল্ডিংয়ে নামতে পারেননি। এরপর দিল্লিতে কোচ গৌতম গম্ভীর যে নৈশভোজের আয়োজন করেছিলেন, তাতেও কিছুক্ষণ পর বেরিয়ে যান অভিষেক।
জানা গিয়েছে, মঙ্গলবার ভারতীয় দলের যে অনুশীলন ছিল, তাতেও অভিষেককে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে। দু'দিন বাদে আদৌ অভিষেককে পাওয়া যাবে তো, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, অভিষেক বেশ কয়েকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছেন। মঙ্গলবারও সেই সমস্যা ভুগিয়েছে তাঁকে। সেকারণেই অনুশীলনে নামেননি। তবে ভারতীয় শিবির এখনও আশাবাদী ১২ ফেব্রুয়ারি অভিষেককে পাওয়া যাবে। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলছেন, "অভিষেকের পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছেন। তবে আমরা দু'দিন বাদে ওকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী।"
নিতান্তই যদি অভিষেক বৃহস্পতিবার না খেলতে পারেন, তাহলে ভারতকে বিকল্প ভাবতে হবে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের কপালে শিকে ছিঁড়তে পারে। তবে অভিষেক না খেললে সেটা ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা হতে চলেছে।
