বিশ্বকাপ চলাকালীন আফগান শিবিরে আতঙ্ক। হৃদ্রোগে আক্রান্ত আফগানিস্তান দলের কোচিং স্টাফ কেসি রামা সুব্রহ্মানিয়ান। দ্রুত তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও আইসিইউ'তে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তবে আপাতত বিপদ কেটে গিয়েছে। স্থিতিশীল অবস্থায় রয়েছেন সুব্রহ্মানিয়ান।
আফগানিস্তান দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে যুক্ত সুব্রহ্মানিয়ান। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডবল সুপার ওভারে গিয়ে ম্যাচ হেরেছেন রহমানুল্লা গুরবাজরা। সোমবার দিল্লিতে তাঁদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। তার আগে আতঙ্কের পরিবেশ আফগান শিবিরে।
এক সূত্র জানিয়েছেন, "সুব্রহ্মানিয়ান গতকাল বুকে ব্যথা অনুভব করেন। তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আপাতত উনি বিপদ্মুক্ত।" সুব্রহ্মানিয়ান অসুস্থ হওয়ার পর দলের মেডিক্যাল স্টাফরাই প্রাথমিক চিকিৎসা করেন।
জানা গিয়েছে, আইসিসি ও বিসিসিআই'র তরফ থেকে সুব্রহ্মানিয়ানের চিকিৎসার জন্য আফগান বোর্ডকে সবরকম সহযোগিতা দিচ্ছে। তাঁকে দেখতে হাসপাতালে যান রশিদ খান ও মহম্মদ নবির মতো ক্রিকেটাররা। তবে এই ঘটনায় আফগানদের বিশ্বকাপের প্রস্তুতি কিছুটা হলেও থমকে গিয়েছে।
আফগানদের বিশ্বকাপে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছে। যে ম্যাচকে সর্বকালের সেরা টি-টোয়েন্টি ম্যাচ আখ্যা দেওয়া হচ্ছে। জোড়া সুপার ওভারের শেষে হার মেনেছে আফগানিস্তান। ফলে পরের রাউন্ডে যেতে হলে আমিরশাহী ও কানাডার বিরুদ্ধে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফলাফলের দিকে।
