ওয়েস্ট ইন্ডিজ: ১৭৬/৮ (রোমারিও ৫২*, হোল্ডার ৪৯, লুনগি ৩/৩০)
দক্ষিণ আফ্রিকা: ১৭৭/১ (মার্করাম ৮২*, ডি'কক ৪৭ )
৯ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা
সুপার এইটের প্রথম ম্যাচে হেরে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে নামার আগে মেন ইন ব্লুকে কিছুটা অক্সিজেন জোগাল দক্ষিণ আফ্রিকা। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গেলে ভারতকে যে অঙ্কগুলো মাথায় রাখতে হচ্ছে, তার মধ্যে অন্যতম হল দক্ষিণ আফ্রিকার জয়। প্রোটিয়ারা অপরাজেয় থাকলে ভারতের সুবিধা। আর সেটাই হল বৃহস্পতিবার বিকেলে। বিরাট ব্যবধানে প্রোটিয়ারা হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে।
আহমেদাবাদে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। টস জিতে ক্যারিবীয়দের ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম। প্রথম ওভারে ১৭ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আগ্রাসী ব্যাটিংকে বোতলবন্দি করে ফেলতে দেরি হয়নি লুনগি এনগিডিদের। তৃতীয় ওভার থেকেই ক্যারিবীয় উইকেট পড়তে শুরু করে। ১০ ওভারেই তাদের ৭ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ডের দাপটে ১৭৬ পর্যন্ত পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ।
আহমেদাবাদে হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন জেসন হোল্ডাররা। বৃহস্পতিবার রাতে বড় ব্যবধানে জিতলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসবে ভারত। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে বিদায় নেবে জিম্বাবোয়ে।
টার্গেট খুব বড় ছিল না দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু প্রোটিয়া ব্যাটাররা যেন ছেলেখেলা শুরু করলেন গুডাকেশ মোতিদের নিয়ে। ওপেন করতে নেমে অধিনায়ক মার্করামের সঙ্গে ঝড় তুললেন কুইন্টন ডি'কক। মাত্র ২৪ বলে ৪৭ রান করেন তিনি। আগ্রাসী ভঙ্গিতে রান তুলতে গিয়েই উইকেট খোয়ালেন প্রোটিয়া উইকেটকিপার। রানের গতি অব্যাহত রাখেন তিন নম্বরে নামা রায়ান রিকলটনও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত থেকে যান অধিনায়ক মার্করাম। তাঁর ঝোড়ো ইনিংসেই সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। ক্ষীণ অঙ্কের বিচার ছাড়া আর কিছুই প্রোটিয়াদের সেমিফাইনাল যাত্রা আটকাতে পারবে না।
এই ম্যাচের ঘণ্টাখানেক পরেই জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচ বড় ব্যবধানে জিততে পারলেই সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবেন সূর্যকুমার যাদবরা। আহমেদাবাদে হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন জেসন হোল্ডাররা। বৃহস্পতিবার রাতে বড় ব্যবধানে জিতলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসবে ভারত। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে বিদায় নেবে জিম্বাবোয়ে। এবং ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হবে কার্যত কোয়ার্টার ফাইনাল। ওই ম্যাচ যে জিতবে তারাই যাবে সেমিফাইনালে।
