shono
Advertisement
T20 World Cup

মরণবাঁচন ম্যাচে বাদ রিঙ্কু, থাকছেন অভিষেক, ফের টসে হারল ভারত

দু'টি বদল হয়েছে ভারতীয় দলে। প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Published By: Prasenjit DuttaPosted: 06:41 PM Feb 26, 2026Updated: 09:40 PM Feb 26, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা হারে পাহাড়প্রমাণ চাপে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের লড়াইয়ে থাকতে গেলে জিম্বাবোয়েকে হারাতেই হবে। এককথায় বৃহস্পতিবারের সুপার এইটের ম্যাচটি মরণবাঁচন। এমন একটা ম্যাচে টসভাগ্য সহায় হল না সূর্যকুমার যাদবের। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা। এদিন দুই বদল নিয়ে নামছে ভারত।

Advertisement

টস হেরে সূর্যকুমার যাদব বলেন, "আমরা ব্যাট করার জন্যই অপেক্ষা করছিলাম। চাপ মাঝে মাঝে সেরাটা বের করে আনে। মেজাজ শান্ত থাকে। হার্দিক আমাদের বুস্ট আপ করছে। ছেলেরা খুশি। জয় বা পরাজয়, তুমি কিছু শিখবে। শুধু শেষটা ভুলে যেতে হবে। খেলাটাকে উপভোগ করতে হবে। নির্ভীক থাকতে হবে।"

এই ম্যাচেও সার্চলাইটে' থাকবেন অভিষেক শর্মা। বাঁহাতি ওপেনার বিশ্বকাপে এখনও পর্যন্ত নিষ্প্রভ। চারটে ম্যাচ ধারাবাহিক ব্যর্থতার পর আলোচনার কেন্দ্রে অভিষেকের অফ ফর্ম। শূন্যের হ্যাটট্রিকের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনওক্রমে ১৫ রান করেছেন। সেই কারণে প্রশ্ন ছিল, জিম্বাবোয়ের বিরুদ্ধে কি তাঁকে দেখা যাবে প্রথম একাদশে? উত্তরটা পাওয়া গেল এদিন টসের পর। দলে রয়েছেন বাঁহাতি ওপেনার। তবে এক্ষেত্রে হয়তো ঈশান কিষানকে তিন নম্বরে পাঠানো হবে। অভিষেকের সঙ্গে ওপেনিং নামবেন সঞ্জু স্যামসন। ডানহাতি-বাঁহাতি কিম্বিনেশন বজায় রাখতেই এই সিদ্ধান্ত। 

ভারতীয় দলে দু'টি বদল হয়েছে। ওয়াশিংটনের বদলে সুযোগ পেয়েছেন সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকা ম্যাচে অক্ষরের জায়গায় খেলানো হয়েছিল ওয়াশিংটনকে। যা ক্লিক করেনি। এরপর টিম ম্যানেজমেন্টকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়। দলের সহ-অধিনায়ক বাদ কোন যুক্তিতে, এই প্রশ্ন তোলেন প্রাক্তনরা। এই ম্যাচে সেই 'ভুল' আর করল না গম্ভীর বাহিনী। অন্যদিকে, রিঙ্কু সিংয়ের জায়গায় দলে এসেছেন সঞ্জু স্যামসন। বাবার অসুস্থতার জন্য মঙ্গলবার ভোরে চেন্নাই থেকে সরাসরি বাড়ি ফিরে গিয়েছিলেন রিঙ্কু। তবে গত কাল সন্ধ্যায় ভারতীয় শিবিরে যোগ দিয়েছিলেন। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁকে দলে রাখা হল না।

ভারতীয় দলে দু'জন উইকেটরক্ষক। সঞ্জু এবং ঈশান। প্রশ্ন হল,।উইকেটের পিছনে কাকে দেখা যাবে? টসের সময় ভারত অধিনায়ক নিশ্চিত করলেন, ঈশানের পরিবর্তে উইকেটকিপিং করবেন সঞ্জু। নজর থাকবে তিলক বর্মার উপরেও। শেষ পাঁচ ইনিংসে তাঁর রান ২৫, ২৫, ২৫, ৩১ এবং ১। বুধবার তাঁকে আলাদা করে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছিল। তবে সব মিলিয়ে গত ম্যাচের ভুলচুক জিম্বাবোয়ে ম্যাচে করতে চায় না ভারতীয় দল। 

ভারতের প্রথম একাদশ:
অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement