বিশ্বকাপে এ পর্যন্ত চার ম্যাচ খেলেছে পাকিস্তান। এর মধ্যে শক্তিশালী প্রতিপক্ষ ছিল শুধু ভারত। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কার্যত উড়ে গিয়েছে পাক দল। আবার বাকি ৩ ম্যাচ জিতলেও একমাত্র নামিবিয়া ছাড়া কারও বিরুদ্ধেই অনায়াস জয় আসেনি। ফলে সুপার এইটের ম্যাচে নামার আগে পাক টিমের ছন্দ ও পারফরম্যান্স নিয়ে বহু প্রশ্ন রয়েছে। তবে সেসবকে পাত্তা দিচ্ছেন না পাক দলের ভাইস ক্যাপ্টেন শাদাব খান। তাঁর দাবি, রমজান এসে গিয়েছে। এবার পাকিস্তানের হয়ে দ্বাদশ ব্যক্তির মতো খেলবেন স্বয়ং আল্লাহ।
শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার এইট অভিযান শুরু করছে পাকিস্তান। সেই ম্যাচে নামার আগে শাদাব বলে দিয়েছেন, "রমজান এসে গিয়েছে। এবার সুপার এইটে আমাদের সঙ্গে দ্বাদশ ব্যক্তিও খেলবেন।" বস্তুত রমজান মাসে খেলাটা ক্রিকেটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হওয়ার কথা। উপবাস চলাকালীন খেলা চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। তবে এই সময় মানসিকভাবে ক্রিকেটাররা অনেক ফোকাসড থাকেন বলে দাবি পাক ক্রিকেট মহলের। এমনকী, পাক দলের ইতিহাসও নাকি বলছে, রমজানের সময়ই সেরা পারফরম্যান্স করে তাঁরা।
এমনিতে পাকিস্তান দল বিশ্বকাপে (T20 World Cup) ভালো ফর্মে নেই। তবে তাঁদের একটা বাড়তি সুবিধা আছে। সেটা হল সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার। বেশি যাতায়াত করতে হচ্ছে না দলকে। জার্নির ধকল কম। তাছাড়া শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচ পাক স্পিন বিভাগকে সাহায্যও করছে। এই পরিস্থিতিতে রমজান যদি মানসিকভাবে তাঁদের চাঙ্গা করে, তাহলে যে কোনও দলকে চ্যালেঞ্জ করতে পারে পাকিস্তান। সেটাই আশা শাদাবদের।
যদিও শনিবার পাকিস্তানকে লড়তে হতে পারে আবহাওয়ার সঙ্গেও। কারণ এদিন বিকালে কলোম্বোয় ভালোরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচ ভেস্তে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। শেষমেশ ম্যাচ ভেস্তে গেলে দুই দলকেই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।
