shono
Advertisement

Breaking News

T20 World Cup

বয়কট নাটকে আইসিসি'র লক্ষ্মীলাভ! অতীতের সব নজির ভাঙল ভারত-পাক ম্যাচের ভিউয়ারশিপ

‘বয়কট বয়কট’ নাটকের পর টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামতে রাজি হয় সলমন আলি আঘার দল। এর ফলে এমন হাইপ তৈরি হয় যে, তাতে আখেরে লাভ হয়েছে আইসিসি'র। জানা যাচ্ছে যে, এই ম্যাচ ঘিরে উন্মাদনা আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 08:35 PM Feb 20, 2026Updated: 08:35 PM Feb 20, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কম বিতর্ক হয়নি। ‘বয়কট বয়কট’ নাটকের পর টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামতে রাজি হয় সলমন আলি আঘার দল। এর ফলে এমন হাইপ তৈরি হয় যে, তাতে আখেরে লাভ হয়েছে আইসিসি'র। জানা যাচ্ছে যে, এই ম্যাচ ঘিরে উন্মাদনা আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। সম্প্রচারকারী চ্যানেলের দর্শকসংখ্যার গড়েও নজির গড়েছে এই দ্বৈরথ।

Advertisement

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ায় তাদের প্রতি ‘সহমর্মিতা’ দেখিয়ে টুর্নামেন্ট খেলা নিয়ে নাটক শুরু করে পাকিস্তান। শেষ পর্যন্ত কোনও কারণ ছাড়াই পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, টিম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। কিন্তু ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। যার পর শোরগোল পড়ে যায় আইসিসি’তে। কারণ, পাকিস্তান না খেলা মানে বিশাল আর্থিক ক্ষতির মুখোমুখি পড়তে হবে টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থাকে। তাদের বলা হয়, কোনও কারণ ছাড়া বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেললে পাকিস্তানকে বিশাল আর্থিক জরিমানার মুখে পড়তে হবে। যার ধাক্কা সামলানো প্রায় অসম্ভব পর্যায়ে চলে যাবে। দ্রুত নরমে-গরমে পাকিস্তানকে বোঝানোর প্রক্রিয়াও শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত দু’পক্ষে বরফ গলানোর কাজ শুরু হয়। লাহোরে ম্যারাথন মিটিং শেষে উষ্মার বরফ গলে পাকিস্তানের। মহারণের বল গড়ায় কলম্বোয়। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে চোখ রেখেছিলেন অগণিত ক্রিকেটপ্রেমী।

জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচটি ডিজিটাল রিচ পেয়েছে ১৬৩ মিলিয়ন বা ১৬.৩ কোটি। যা আইসিসি'র টি-টোয়েন্টি ইভেন্টের ইতিহাসে সবার আগে। ২০২৪ সালের তুলনায় এই রিচ বেড়েছে ৫৬ শতাংশ। কেবল তাই নয়, দু'বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ডিজিটাল দর্শকসংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে এই ম্যাচ।

অন্যদিকে, কেবল মোবাইল প্ল্যাটফর্মেই নয়, আইসিসি'র লিগ পর্বেও সর্বোচ্চ রিচের নজির গড়েছে এই ম্যাচ। যা আগের তুলনায় ১.২ গুণ বেশি। তাছাড়াও টিভিতে রিচ বেড়েছে ২.৪ গুণ বেশি। ম্যাচটি দেখার সময়ও বেড়েছে। মোট ওয়াচটাইম ২০ বিলিয়ন মিনিট। যা আগের সাক্ষাতের তুলনায় ১.২ গুণ বেশি। ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব যে সব সময়ই যে অন্য মাহাত্ম্য নিয়ে আসে, তা আবারও প্রমাণ করল। জিওস্টারের স্পোর্টস সেলস প্রধান অনুপ গোবিন্দনের কথায়, "ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিতর্ক তৈরি হয়েছিল। যদিও সেসব মিটিয়ে অবশেষে মুখোমুখি হয় দুই দল। ম্যাচ ঘিরে দারুণ উত্তেজনা ছিল। যা অসাধারণ এক অভিজ্ঞতা। এই ম্যাচের রিচ ও ভিউয়ারশিপই প্রমাণ করে দিল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ঠিক কতটা।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement