চার বছর আগে তিনি গলা ফাটাচ্ছিলেন নিজের দেশের হয়ে। আর আজ তিনি নামছেন দেশের জার্সিতে। বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল যেন ইংল্যান্ডের তরুণ তুর্কি জেকব বেথেলের স্বপ্নপূরণের যাত্রা। ২০২২ সালে তিনি ছিলেন ইংল্যান্ডের সমর্থক, ২০২৬ সালে এসে তিনি ইংল্যান্ডের অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছেন।
এই নিয়ে পরপর তিনবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে একপেশেভাবে ম্যাচ জিতেছিল ইংরেজ বাহিনী। সেবার প্রথমে ব্যাট করতে নেমে ভারত ১৬৮ রান তুলেছিল। কিন্তু সেই রানটা চার ওভার বাকি থাকতে কোনও উইকেট না খুইয়ে তুলে নেয় ইংল্যান্ড। বাটলার করেন ৮০ রান। হেলস ৮৬ রান। ওই ম্যাচ দেখতে অ্যাডিলেডের গ্যালারিতে ছিলেন তখন ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলা বেথেল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যাডিলেডের ওই ম্যাচের পর জামা খুলে অবিকল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভঙ্গিতে সেলিব্রেশন করছেন এক তরুণ। তবে তিনি বেথেল নন। ওই ভাইরাল ভিডিওতে নিজেকে দেখে একগাল হাসি ইংরেজ তারকার মুখে। চার বছর আগের স্মৃতি রোমন্থন করে তিনি বলছেন, "অনূর্ধ্ব ১৯ দলে আমার অধিনায়ক টম প্রেস্টের সঙ্গে ওই ম্যাচ দেখতে গিয়েছিলাম। ফাইনালের টিকিট পাইনি বলে সেমিফাইনাল দেখতে গিয়েছিলাম। ইংল্যান্ডকে জিততে দেখাটা অনবদ্য অনুভূতি।" সেদিন ম্যাচ জেতানো বাটলারের সঙ্গে এখন একই ড্রেসিংরুম ভাগ করেন বেথেল।
এবার বেথেল নিজে নামবেন ইংল্যান্ডের জার্সিতে। টি-২০ বিশ্বকাপের ইতিহাস বলছে, ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল বরাবর একপেশে হয়েছে। ২০২২ সালে ইংল্যান্ড গুঁড়িয়ে দিয়েছিল ভারতকে। গত টি-২০ বিশ্বকাপে সেই ছবিটা উলটে যায়। ৬৮ রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে রোহিত শর্মার দল। এবারের বিশ্বকাপে ভারত এবং ইংল্যান্ড দুই দলই একটিমাত্র ম্যাচ হেরেছে। গ্রুপ পর্বে হ্যারি ব্রুকরা হেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাছে। আর ভারত সুপার এইটে হারে দক্ষিণ আফ্রিকার কাছে। এবারের বিশ্বকাপে একবারও মুখোমুখি হয়নি ভারত-ইংল্যান্ড। সেমিফাইনালে এবার জিতবে কে?
