এবারের বিশ্বকাপের সব থেকে বড় চমক কী? নিঃসন্দেহে জিম্বাবোয়ের পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার মতো মহাশক্তিধরকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে পদানত করেছে। তার সঙ্গে গ্যালারিতে ঝড় তুলেছেন জিম্বাবোয়ের রঙিন সমর্থকরা। কিন্তু দল সুপার এইটে উঠতেই সমস্যায় পড়েছেন তাঁরা। ভারতে আসার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়েছেন জিম্বাবোয়ের সমর্থককূল 'ব্রাস ব্যান্ড'। যে কারণে ভারতীয় ব্যবসায়ীদের কাছে সাহায্য চাইছেন তাঁরা।
গ্রুপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের মতো টিম ছিল। কিন্তু সব হিসেবনিকেশ বদলে দিয়েছে জিম্বাবোয়ে। তিন ম্যাচের তিনটেই জিতে 'বি' গ্রুপে শীর্ষে শেষ করেছে। সিকান্দর রাজা বা ব্লেসিং মুজারাবানিরা নিঃসন্দেহে অবিশ্বাস্য পারফর্ম করেছেন। কিন্তু মাঠের বাইরে সঙ্গ দিয়েছেন সমর্থকরা। যেন প্রেমদাসা স্টেডিয়ামে নয়, তাঁরা খেলছেন হারারেতে। রঙিন সাজপোশাক, স্লোগান, ড্রামের সঙ্গে গানে ভরিয়ে দিয়েছিল 'ব্রাস ব্যান্ড' ও 'ক্যাসল কর্নার'।
কিন্তু সম্ভবত তাঁরা ভাবেননি দল সুপার এইটে পৌঁছে যাবে। কিন্তু সেই অসাধ্যসাধন করে ফেলেছে জিম্বাবোয়ে। আর তাতে সমস্যায় পড়েছেন ভক্তরা। ম্যাচ এবার ভারতে। কিন্তু ভারতে এসে দলের পাশে দাঁড়ানোর মতো টাকাপয়সা আর তাঁদের পকেটে নেই। তাই ফ্যান গ্রুপের প্রধান পল মুঙ্গোফা ভারতীয় ব্যবসায়ীদের সাহায্য চাইছেন। তিনি বলছেন, "আপনার তো ফুটবলকে সাহায্য করেন। এবার আমাদের পাশে দাঁড়ান। যাতে আমরা ভারতে গিয়ে ক্রিকেটারদের জন্য দারুণ পরিবেশ তৈরি করতে পারি।"
পলের আরও বক্তব্য, "আমরা পূর্বপুরুষদের কাছে কৃতজ্ঞ। তাঁদের ঐতিহ্য আমরা বহন করতে চাই। এই দলটা আমাদের পরিবারের মতো। এদের জন্য আমরা সেলিব্রেট করি, এদের জন্য কাঁদি।" সমর্থকদের প্রতি কৃতজ্ঞ দলের অধিনায়ক সিকান্দর রাজা। তিনি বলেন, "সমর্থকরা নিজেদের গ্যাঁটের কড়ি খরচ করে হাজার হাজার মাইল উড়ে এসে আমাদের সমর্থন করছে। আমরা ওদের কাছে কৃতজ্ঞ।" এবার দেখা যাক, মুম্বইয়ে এসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁদের ম্যাচ দেখার খরচ কীভাবে ওঠে?
