shono
Advertisement
Tamim Iqbal

'বাংলাদেশের মানুষ ভালোবাসে...', বিশ্বকাপ বয়কট ভুল মেনে টিম ইন্ডিয়াকে পদ্মাপারে ডাক তামিমের

বাংলাদেশে ভারতের নিরাপত্তার কোনও সমস্যা হবে না। পদ্মাপারে সিরিজ আয়োজনে বিসিসিআইয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগোতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
Published By: Arpan DasPosted: 01:26 PM May 12, 2026Updated: 04:00 PM May 12, 2026

বিশ্বকাপে ভারতে খেলতে আসেনি বাংলাদেশ। সরকার বদলের পর সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান তামিম ইকবালও (Tamim Iqbal) সেই নিয়ে মুখ খুললেন। তাঁর সাফ কথা, আইসিসি সুর নরম করেছিল। কিন্তু তৎকালীন বোর্ড কর্তারা বিশ্বকাপ বয়কট করে ঠিক করেননি। এখন দু'দেশের সম্পর্ক নিয়েও কথা বলেছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার। তাঁর দাবি, পদ্মাপারে ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তাজনিত কোনও সমস্যা হবে না।

Advertisement

তামিম বলছেন, "টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘটনার সময় আমিই প্রথম সেই ব্যাপারে মুখ খুলেছিলাম। আগের বোর্ড ঠিকভাবে বিষয়টা সামলায়নি। আইসিসি সুর নরম করেছিল, সমাধান খুঁজে বের করা যেত। আমরা কোনও আলোচনা ছাড়াই একটি বিশ্বকাপ ছেড়ে দিলাম। সেই দলে হয়তো এমন খেলোয়াড় ছিল, যারা আর কখনও বিশ্বকাপ খেলতে পারবে না। বিষয়টি আমি মেনে নিতে পারিনি।" এই নিয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে তারেক সরকার।

বিশ্বকাপ অতীত। যে ক্ষতি হয়েছে, তার ধাক্কা সামলে প্রত্যাবর্তনের রাস্তায় আছে বাংলাদেশ। সেখানে দরকার ভারতকে। এদিকে দু'বার বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে বিসিসিআই। পদ্মাপারে ভারতবিদ্বেষী হাওয়ায় নিরাপত্তা একটা বড় সমস্যা। সেটা মাথায় রেখেই তামিম (Tamim Iqbal) বলছেন, "বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দারুণ। কোনও নিরাপত্তা হুমকি নেই। ভারতীয় ক্রিকেট দলের জন্য কখনই কোনও সমস্যা ছিল না। তারা এখানে এলে পুরো স্টেডিয়াম ভরে যায়। বাংলাদেশের মানুষ এই লড়াই দেখতে ভালোবাসে। বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে এখন আর কোনও সমস্যা নেই। দু'পক্ষের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে একটা সিরিজ খুব গুরুত্বপূর্ণ হবে।" সেই প্রসঙ্গে বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা জানিয়েছেন তামিম।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিসিআইয়ের সঙ্গে ক্রমশ 'শত্রুতা' বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৎকালীন মহম্মদ ইউনুসের 'ভারতবিদ্বেষ' নীতিও এর জন্য দায়ী বলে মনে করা হয়। আইসিসি'র আবেদন সত্ত্বেও কর্ণপাত করেননি বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল বা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলরা। তাতে শেষমেশ বাংলাদেশ নামই সরিয়ে নেয়। নির্বাচনের পর তারেক রহমান সরকার এসে আমিনুলকে সরিয়ে সেই জায়গায় এনেছেন তামিমকে। শুধু ক্রিকেট নয়, অনেক বিষয়েই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে আগ্রহী বাংলাদেশ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগের সরকারের 'অন্যায়' মেনে নিলেন তামিম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement