চেক বাউন্স মামলায় বিগত কিছুদিন ধরেই চর্চায় রাজপাল যাদব। বর্তমানে জেল বন্দি তিনি। তবে এই বন্দিদশাতেও বলিউডের একাংশ তাঁর পাশে দাঁড়িয়েছেন। সোনু সুদ, পরিচালক প্রিয়দর্শন তাঁকে অভিনয়ের সুযোগ দেবেন বলে জানিয়েছেন। সেই তালিকায় এবার বক্সার-অভিনেতা বিজেন্দ্র সিং। তাঁর ছবিতে রাজপাল যাদবকে নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এক্স হ্যান্ডেলে লিখলেন, 'আমি গুণীদের কদর করি।'
রবিবার এক্স হ্যান্ডেলে রাজপাল যাদবকে নিয়ে একটি পোস্ট করেন বিজেন্দ্র। লেখেন, "আমি সত্যিকারের প্রতিভার প্রতি শ্রদ্ধা জানাই। রাজপাল যাদব ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন। তিনি বিভিন্ন চরিত্রের মাধ্যমে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন। আমি রাজপাল যাদবকে আমার পরবর্তী ছবিতে নিতে চাই। সিনেমাটির পরিচালক সঞ্জু সাইনি।" এরপরই পরিচালক সঞ্জু সাইনি এনিয়ে পোস্ট করেন। লেখেন, রাজপালের মতো অভিনেতাকে পেলে তাঁর ছবি সমৃদ্ধ হবে। এর আগে সলমান খান, অজয় দেবগন এবং সোনু সুদের মতো তারকারা রাজপালের পাশে থাকার বার্তা দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলত, মামলা গড়ায় আদালত অবধি। ২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা এবং তাঁর স্ত্রী। চেক বাউন্সের মামলায় সেসময়ে তাঁদের সাজা স্থগিত হয়ে যায়। ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে বা অর্থ ফেরত দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা করেছিল আদালত। কিন্তু জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দিয়েছেন রাজপাল। তবে তারপরেও টাকা শোধ করতে পারেননি অভিনেতা। বর্তমানে দিল্লি হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিনের শুনানি মুলতবি রেখেছে এবং তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। আপাতত জেলেই রয়েছেন তিনি।
