সাজগোজের বাক্সে আর যা-ই থাকুক, পছন্দের রঙের লিপস্টিক থাকবে না— এমনটা ভাবাই যায় না। এক নিমেষে মুখের ভোল বদলে দিতে লিপস্টিকের জুড়ি মেলা ভার। অফিসের হালকা সাজ হোক বা বিয়েবাড়ির জমকালো মেকআপ, ঠোঁটের কারুকার্য ছাড়া সৌন্দর্য অসম্পূর্ণ। কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায়। অনেক সময় সাধের লিপস্টিকটি ড্রয়ারে পড়ে থেকে শুকিয়ে কাঠ হয়ে যায়। ব্যবহারের অযোগ্য ভেবে অনেকেই দামি সেই প্রসাধনীটি আবর্জনার স্তূপে ফেলে দেন। এতে পছন্দের জিনিসটি যেমন হাতছাড়া হয়, তেমনই পকেটের রেস্তও নষ্ট হয়। তবে বিশেষজ্ঞদের মতে, শুকনো লিপস্টিক ফেলে না দিয়ে সামান্য কিছু ঘরোয়া কৌশলে তাকে আবার নতুনের মতো ব্যবহার করা সম্ভব। কীভাবে? জানুন সহজ কৌশল।
ছবি: সংগৃহীত
১) লিপস্টিক শুকিয়ে গেলে তাতে প্রাণ ফেরানোর সবচেয়ে সহজ উপায় হল নারকেল তেল। যদি দেখেন ম্যাট লিপস্টিক একদম জমাট বেঁধে গিয়েছে, তবে তাতে দু-তিন ফোঁটা খাঁটি নারকেল তেল মিশিয়ে দিন। এরপর একটি কাঠির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিলেই কেল্লাফতে। এতে লিপস্টিক যেমন মসৃণ হবে, তেমনই ঠোঁটে লাগালে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করবে।
ছবি: সংগৃহীত
২) তৎক্ষণাৎ কোনও সমাধান চাইলে গরম জলের সাহায্য নিতে পারেন। একটি পাত্রে ফুটন্ত গরম জল নিয়ে তাতে লিপস্টিকের টিউবটি মিনিট চারেক ডুবিয়ে রাখুন। জলের তাপে ভিতরে জমে যাওয়া মোম এবং রং গলে গিয়ে আবার নরম হয়ে যাবে। ঝটপট মেকআপ করার ক্ষেত্রে এই পদ্ধতিটি সবথেকে বেশি জনপ্রিয়।
ছবি: সংগৃহীত
৩) ত্বক এবং চুলের যত্ন নিতে অ্যালোভেরা জেলের গুণের শেষ নেই। সেই জেলকে কাজে লাগানো যায় লিপস্টিকের ক্ষেত্রেও। শুকনো লিপস্টিকের মধ্যে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে দিলে তা আগের অবস্থা ফিরে পায়। এই পদ্ধতিতে ঠোঁট ফাটার ভয় থাকে না এবং রঙটিও দীর্ঘস্থায়ী হয়।
ছবি: সংগৃহীত
তবে কয়েকটা ব্যাপার মাথায় রাখা জরুরি। লিপস্টিকের মেয়াদের তারিখ ফুরিয়ে গিয়েছে কিনা তা অবশ্যই দেখে নেবেন। যদি লিপস্টিক থেকে দুর্গন্ধ বেরোয় বা সেটি ব্যবহারের পর ঠোঁটে চুলকানি হয়, তবে তা ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ হবে।
