shono
Advertisement

Breaking News

Ice Apple Recipes

তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?

গরমির মরশুমে বাঙালির ঘরে ঘরে আনাগোনা এই ঋতুজ ফলের। তবে, শুধু যে ফল হিসেবেই খাবেন এমন কোনও কথা নেই। বরং চাইলে আপনি তালের শাঁস দিয়ে বানিয়ে ফেলতে পারেন চমৎকার ৩ সুস্বাদু পদ। কীভাবে বানাবেন?
Published By: Buddhadeb HalderPosted: 09:50 AM Jun 07, 2026Updated: 09:50 AM Jun 07, 2026

গ্রাম ছাড়িয়ে শহর। অলিতে-গলিতে এখন কচি তালশাঁসের পসরা। গরমে শরীর চাঙ্গা রাখতে এই ফলের জুড়ি মেলা ভার। শুধু কি স্বাদে অনন্য? গুণেও ভরপুর। গরমির মরশুমে বাঙালির ঘরে ঘরে আনাগোনা এই ঋতুজ ফলের। তবে, শুধু যে ফল হিসেবেই খাবেন এমন কোনও কথা নেই। বরং চাইলে আপনি তালের শাঁস দিয়ে বানিয়ে ফেলতে পারেন চমৎকার ৩ সুস্বাদু পদ। কীভাবে বানাবেন? জেনেন নিন।

Advertisement

ছবি: সংগৃহীত

১. তালশাঁসের লস্যি
দুপুরের চড়া রোদে বাড়ি ফিরে যদি এক গ্লাস ঠান্ডা লস্যি পাওয়া যায়, তবে প্রাণটা জুড়োয় বইকি! সাধারণ লস্যি তো অনেক খেয়েছেন, এবার ট্রাই করুন তালশাঁসের লস্যি।

উপকরণ: তালশাঁস, দুধ, চিনি, দই ও বরফের টুকরো।

প্রণালী: প্রথমে তালশাঁস ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারে দুধ, চিনি, দই এবং বরফের টুকরোর সঙ্গে তালশাঁসগুলিকে দিয়ে খুব ভালো করে পিষে নিন। ঠান্ডা এই পানীয় গ্লাসে ঢালার সময়ে উপর থেকে আরও কয়েক টুকরো কচি তালশাঁস ছড়িয়ে পরিবেশন করুন।

ছবি: সংগৃহীত

২. তালশাঁসের পায়েস
বাঙালির শেষপাতে মিষ্টি না হলে চলে না। অতিথি আপ্যায়নে বা মায়াবী সন্ধেয় মিষ্টি পদ হিসেবে খুবই তৃপ্তি করে খাওয়া যাবে তালশাঁস দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস।

উপকরণ: তালশাঁস, দুধ, চিনি, সামান্য এলাচগুঁড়ো, অল্প চাল ও বাদামের টুকরো।

প্রণালী: প্রথমে তালশাঁস ছোট টুকরো করে কেটে রাখুন। অন্য দিকে, একটি পাত্রে দুধ ফুটিয়ে ভালো করে জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হয়। স্বাদের জন্য এতে চিনি এবং সামান্য এলাচগুঁড়ো মিশিয়ে দিন। সাধারণ পায়েসের স্বাদ পেতে এর মধ্যে অল্প চালও দিতে পারেন। পায়েস বেশ ঘন হয়ে এলে আগে থেকে কেটে রাখা তালশাঁস মিশিয়ে দিন। এবার কয়েক মিনিট ঢিমে আঁচে রেঁধে নিন। শেষে উপর থেকে বাদামের টুকরো ছড়িয়ে ঠান্ডা করতে দিন। ঠান্ডা করে খেলে এটি আরও সুস্বাদু লাগে।

ছবি: সংগৃহীত

৩. তালশাঁসের শরবত
তীব্র গরমের দিনে তালশাঁসের শরবত খুবই সতেজ এক পানীয়। শরীর ঠান্ডা রাখতে এটি দারুণ সাহায্য করে এবং মুহূর্তের মধ্যে ক্লান্তি কমায়।

উপকরণ: তালশাঁস, ঠান্ডা জল বা ডাবের জল, সামান্য চিনি বা গুড়, লেবুর রস এবং পুদিনা পাতা।

প্রণালী: এই শরবত বানাতে প্রথমে তালশাঁসের নরম অংশটি ভালো করে চটকে বা বেটে নিতে হয়। তার সঙ্গে পরিমাণমতো ঠান্ডা জল বা ডাবের জল মেশাতে হবে। এবার স্বাদ বাড়ানোর জন্য এতে সামান্য চিনি বা গুড়, লেবুর রস এবং পুদিনা পাতা দিয়ে দিন। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করলে এটি গরমে শরীরকে খুবই আরাম দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement