shono
Advertisement
Healthy Office Snacks

অফিসের কাজের মাঝে খিদেয় পেট চুঁইচুঁই? এই ৫ হেলদি স্ন্যাক্স শরীর-মন দুইই ভরাবে

অনেকেই ফল কেটে নিয়ে আসেন অফিসে। স্বাদ ও স্বাস্থ্যগুণ বাড়াতে চাইলে, আপেলের সঙ্গে রাখুন কিছুটা পিনাট বাটার। পাতলা করে কাটা আপেলের টুকরোতে মাখন মাখিয়ে কামড় দিলে অপার তৃপ্তি পাওয়া যায়।
Published By: Utsa TarafdarPosted: 01:56 PM Jun 03, 2026Updated: 02:34 PM Jun 03, 2026

অফিসের হাজার কাজের মাঝে ইচ্ছে করে টুকটাক ছোট কোনও খাবার মুখে চালান করতে। ভরপেট খাবারের খিদে নয়, ছোটখাটো মুখরোচক কিছুর আকাঙ্ক্ষা। এই অবস্থায় দোকানের কেনা স্ন্যাকস খেলেই বিপত্তি! প্যাকেটজাত চিপস, চানাচুর বা বিস্কুটে কৃত্রিম চিনি থাকে, থাকে বিপুল পরিমাণ সোডিয়ামও। ফলে একদিনে তার ক্ষতিকারক দিক টের না পেলেও, দীর্ঘদিন ধরে খেয়ে চললে নানা শারীরিক সমস্যা দেখা যায়। চর্বিও জমতে থাকে শরীরের এদিক সেদিক।

Advertisement

পুষ্টিবিদরা বলছেন, মুখরোচক স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে যে সেক্ষেত্রে দমিয়ে রাখতে হবে, এমনটা নয়। বরং বাড়ি থেকেই নিয়ে যাওয়া যায় এমন সহজ কিছু পুষ্টিকর স্ন্যাক্স (office snacks), যা ছোট খিদের পক্ষে ভীষণ উপযোগী। আর পেট ভরানোর পাশাপাশি স্বাথ্যরক্ষার কাজও করবে।

মাখানা। ছোলা ভাজা।

মাখানা
পট্যাটো চিপসের সেরাতম বিকল্প এটি। তৈরি হয় পদ্মফুলের বীজ থেকে। ওজন একেবারেই নেই, ফলে বয়ে অফিস নিয়ে যাওয়া কোনও ঝক্কির কাজ নয়। স্বাদ বাড়াতে এক চামচ দেশি ঘি ও এক চিমটি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেওয়া যেতে পারে এক বাটি মাখানায়। কাজের ফাঁকে চিবিয়ে নিলেই ভরপুর এনার্জি পাওয়া যাবে। অল্পতেও অনেকখানি খিদে মেটে।

রাঙা আলুর আলুকাবলি
বানানো একেবারেই সহজ। আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে, ছোট টুকরোতে কেটে নিন। ছড়িয়ে নিন লবণ, গোলমরিচ, চাট মশলা। স্বাদে মিষ্টি বলে সুগার ক্রেভিং অনেকখানি কমায় রাঙা আলু। কার্বোহাইড্রেট থাকায় অল্পতেই পেট ভরে যায়।

ছোলাভাজা
খেয়াল রাখতে হবে, গায়ের খোসা যেন থাকে। চানাচুরের বিকল্প হিসেবে খাওয়া যায়। সঙ্গে কিছু মেশানোরও দরকার নেই। রয়েছে প্রচুর ফাইবার। এক মুঠো ছোলা ভাজা চিবোলেই জল তেষ্টা পায়। জলের যোগান পেলে, শরীরে তার ঘাটতি কমে। ফলে শরীর-মন দুইই খুশি।

আপেল ও পিনাট বাটার
অনেকেই ফল কেটে নিয়ে আসেন অফিসে। স্বাদ ও স্বাস্থ্যগুণ বাড়াতে চাইলে, আপেলের সঙ্গে রাখুন কিছুটা পিনাট বাটার। পাতলা করে কাটা আপেলের টুকরোতে এই বিশেষ মাখন মাখিয়ে কামড় দিলে অপার তৃপ্তি পাওয়া যায়। এতে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছে মেটে, অথচ একরত্তি ক্ষতি হয় না শরীরের।

বেদানার স্যালাড। রাঙা আলু দিয়ে আলুকাবলি। আপেলের সঙ্গে পিনাট বাটার।

বেদানার চাট
এই ফলটিকেও অনায়াসে তথাকথিত 'স্ন্যাক' বানিয়ে নেওয়া যায়! সরু কুচিতে কাটুন শশা, পিঁয়াজ, টোম্যাটো। অর্ধেক চা-চামচ অলিভ অয়েল ও এক চিমটি লবণ ছড়িয়ে দিন উপরে। টক-মিষ্টি বেদানার চাট খিদেও মেটায়। এর সুস্বাদে ডোপামিন ক্ষরিত হয়। ফলে মন ভালো হয়ে যায় এক লহমায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement