রান্না ভালো হয় রাঁধুনির গুণে। আর সেই রাঁধুনিরাই কিন্তু মাছ, মাংস কিংবা পনিরকে সুস্বাদু বানাতে তা আগেভাগে ম্যারিনেট করে রাখাতেই বিশ্বাসী। সঠিক পদ্ধতিতে, সঠিক সময় ধরে মাছ বা মাংস ম্যারিনেট করলে নিঃসন্দেহে তার স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। তবে ম্যারিনেশনের সময় কয়েকটি ভুল করা একেবারেই কাম্য নয়। তাহলেই হিতে বিপরীত হবে। খাওয়াটাই হবে মাটি!
সাধারণত মশলা আর তেল দিয়েই মাছ, মাংস কিংবা পনির ম্যারিনেট করা হয়। আর রান্না যদি তন্দুর জাতীয় হয় তাহলে তাতে জল একেবারেই দেওয়া উচিত নয়। বরং ম্যারিনেশনে যদি দই ব্যবহার করা হয় তাহলে তা একটু জল ঝরিয়ে নিয়েই ব্যবহার করা উচিত।
ইচ্ছা করলে মাংস ম্যারিনেট করে গোটা রাত ফ্রিজে রেখে দিতে পারেন। তবে মাছে মশলা মাখিয়ে অতটা সময় রাখবেন না। কারণ মাছের ম্যারিনেশন হতে খুব বেশি সময় লাগে না। এর জন্য ঘণ্টা খানেকই যথেষ্ট। নাহলে তা তিক্ত হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে।
ম্যারিনেশনের সময় মাছ, মাংস কিংবা পনিরে বেশি নুন দেওয়া উচিত নয়। কারণ রান্নার সময় আপনি অনায়াসে তা দিতে পারবেন এবং তা ঠিকঠাক হয়েছে কিনা চেখে দেখারও সুযোগ পাবেন। বরং কাঁচা থাকাকালীন নুন বেশি হলে তা আর পরে ঠিক করতে গেলে রান্নার স্বাদ খারাপ হতে পারে।
মাছ কিংবা মাংস ম্যারিনেট করা হয়ে গেলে গরমে রেখে দেবেন না। তাতে ক্ষতি হতে পারে। বরং এই ধরনের খাবার ফ্রিজেই রাখা উচিত। তাহলে তাজা থাকবে। আর মাছ, মাংস, পনিরে মশলা মাখানোর সময় কাচের বাসন ব্যবহার করাই ভালো।
ম্যারিনেশনের পর পাত্রটি খুলে রাখবেন না। চেষ্টা করুন ট্রান্সপারেন্ট ফয়েল পেপার কিংবা স্টিল বা কাচের ঢাকনা দিয়ে তা ঢেকে রাখার। শুধু পোকা বা মাছি দূরে রাখতেই নয়, এতে মশনার গন্ধও অটুট থাকে।
