shono
Advertisement
Lionel Messi Statue

'অনুমতি ছাড়াই তৈরি হয়েছে মেসির মূর্তি', ভাঙা নয়, স্ট্যাচু নিয়ে বিকল্প পরিকল্পনা অগ্নিমিত্রার

পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপাতত সেটিকে মেরামত করে স্থিতিশীল যাতে রাখা যায় সেই চেষ্টাই করছে প্রশাসন।
Published By: Anwesha AdhikaryPosted: 11:20 AM May 28, 2026Updated: 12:43 PM May 28, 2026

লেকটাউনে লিওনেল মেসির মূর্তিটি (Lionel Messi Statue) মেরামতের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে আপাতত সেটিকে মেরামত করে স্থিতিশীল যাতে রাখা যায় সেই চেষ্টাই করছে প্রশাসন। তারপর মূর্তিটি সরানো হবে। মঙ্গলবার রাতে শুরু হয়েছে মেরামতির কাজ। এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে মূর্তির চারপাশ শাল-বল্লা দিয়ে ঘিরে মোটা দড়ির সাহায্যে বেঁধে রাখা হয়েছে, যাতে কোনওভাবে সেটি ভেঙে পড়ে দুর্ঘটনা না ঘটে। মূর্তি প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)।

Advertisement

আপাতত মেসির মূর্তির গায়ে মই ঠেকিয়ে কাজ করছেন মিস্ত্রিরা। হাওয়ায় দুলছে লেকটাউনের মেসির এই মূর্তিটি। দ্রুত তা সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। অগ্নিমিত্রা পলের বক্তব্য, "মেসির মূর্তিটিকে আমরা সরাব। মূর্তি হাওয়ায় দুলছে। যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে। পূর্ত দপ্তরের জায়গা দখল করে অনুমতি ছাড়া ওটা বানানো হয়েছে। মেসির মূর্তিটি সরিয়ে অন্য কোনও পার্কে রাখার আমি পরামর্শ দিয়েছি। এবং যে বিরাট একটা পেডেস্টাল বানানো হয়েছে সেটা পুরোপুরি বেআইনি। সেই পেডেস্টালটা ভাঙা হবে। কিন্তু মূর্তিটা যাতে কোনওভাবে নষ্ট না হয়, আমরা কোনও পার্ক বা কোনও যথোপযুক্ত জায়গাতে সেটাকে রাখার ব্যবস্থা করব।"

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মেসির কলকাতা সফরে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তিটির উদ্বোধন করেন আর্জেন্টিনীয় ফুটবল তারকা। পাশে ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। মূলত, তাঁর তত্ত্বাবধানে ও উদ্যোগে মূর্তিটি তৈরি হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই মূর্তির অবস্থা সঙ্গিন। হাওয়ায় দুলছে মূর্তিটি। যাতে বড়সড় কোনও বিপদ না হয়, তাই অতি তৎপর পূর্ত দপ্তর। মঙ্গলবার রাতেই মূর্তিটির চারদিকে দড়ি বেঁধে রাখা হয়েছে। শিল্পী মন্টি পালকে ডেকে আলোচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উপরের মূর্তিটিকে অক্ষত রেখে সরানো হবে। নিচের বেসমেন্টটি আর সরানো হবে না। তবে কোথায় সরানো হবে, তা জানা যায়নি। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, মূর্তিটির ভিত ততটা শক্ত নয়। মাটি পরীক্ষা করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement