৪৮ দল। ১০৪ ম্যাচ। সদ্য শেষ হয়েছে ফুটবলের মহাযজ্ঞ। প্রত্যাশামতোই এই বিশ্বকাপেও একাধিক মহাতারকা নিজেদের পায়ের জাদুতে মুগ্ধ করেছে ফুটবলবিশ্বকে। তেমনই উঠে এসছেন বহু নয়া তারকা। বহু অনামী হীরার খোঁজ পেয়েছে ফুটবল বিশ্ব। টুর্নামেন্ট শেষে তাঁদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়লেন কারা? ফিফার তরফে সরকারিভাবে সেই তালিকা প্রকাশ করা হল। বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফুটবল নিয়ামক সংস্থা।
ফিফার বেছে নেওয়া সেরা একাদশে গোলরক্ষকের ভূমিকায় কেপ ভার্দের ভোজিনহা। গোটা বিশ্বকাপে তিনি তেকাঠির নিচে দাঁড়িয়ে ছিলেন চিনের প্রাচীরের মতোই। কার্যত তাঁর একার হাতেই বিশ্বকাপের নকআউটে পৌঁছে যায় কেপ ভার্দে। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন একমাত্র এই কেপ ভার্দের কাছেই আটকে যায়। এমনকী আর্জেন্টিনার বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এর ম্যাচ যে তাঁরা অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পেরেছিল সেটাও ভোজিনহার দৌলতে।
রক্ষণে ফিফা যে চারজনকে বেছেছে তাঁদের মধ্যে দু'জন স্পেনের। দুই সাইডব্যাক পেদ্রো পোরো এবং মার্ক কুকুরেয়া সুযোগ পেয়েছেন ফিফার সেরা একাদশে। দু'জনেই বিশ্বকাপে অনবদ্য খেলেছেন। রক্ষণের পাশাপাশি আক্রমণ সামলেছেন। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে পেদ্রো পোরোর গোলটিই জয় নিশ্চিত করে স্পেনের। আর কুকুরেয়া গোটা টুর্নামেন্টে স্পেনের অন্যতম সেরা পারফর্মার। সেন্টার ডিফেন্সে সুযোগ পেয়েছেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ফ্রান্সের উপমেকানো। দু'জনেই নজর কেড়েছেন। তবে স্পেনের পাউ কুবারসি বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার হওয়া সত্ত্বেও তিনি সেরা একাদশে জায়গা পাননি।
মাঝমাঠে ৩ তারকাই বিশ্বকাপ মাতিয়ে রেখেছেন। গোল ও অ্যাসিস্ট না করলেও চ্যাম্পিয়ন স্পেন দলের মেরুদণ্ড রদ্রি। তাঁর পাশে মাঝমাঠে সুযোগ পেয়েছেন ফ্রান্সের মাইকেল ওলিস। তিনিও বিশ্বকাপের অন্যতম সেরা মিডিও। তাঁর নামে রয়েছে ৫টি অ্যাসিস্ট। মাঝমাঠ থেকেও যে নিয়মিত গোল করা যায়, সেটা দেখিয়েছেন ইংল্যান্ডের বেলিংহ্যাম। তাঁর নামের পাশে রয়েছে সাতটি গোল। তিনজনকেই দলে রেখেছে ফিফা।
আক্রমণভাগটাও স্বপ্নের মতো। সেখানে রয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। চলতি বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তোলার অন্যতম কারিগর তিনি। রয়েছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তিনিই। এমবাপে একাই করেছেন ১০টি গোল। অ্যাসিস্ট ৪টি। আক্রমণভাগের তৃতীয় ব্যক্তির নাম আর্লিং হালান্ড। শুধু সাত গোল নয়, নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তোলার ক্ষেত্রে তাঁর সার্বিক অবদানের কথা মাথায় রেখেই তাঁকে দলে রেখেছে ফিফা। সব মিলিয়ে দলে স্পেনের ৩ জন, ফরাসি ৩ জন, আর্জেন্টিনার দু'জন এবং ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের একজন করে রয়েছেন।
বিশ্বকাপের সেরা একাদশ:
ভোজিনহা, পেদ্রো পরো, লিসান্দ্রো মার্টিনেজ, দায়োত উপামাকানো, মার্ক কুকুরেয়া, রদ্রি, ওলিস, জুড বেলিংহ্যাম, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড
