পেপারলেস টিকিট শুরু হবে ডুরান্ড কাপে, ঘোষণা করেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ফুটবলপ্রেমীদের ভোগান্তি কমবে, অনলাইনে কাটা টিকিট নিয়েই ম্যাচ দেখতে পারবেন সকলে-এমনটাই আশা ছিল। কিন্তু ডার্বির আগেই তাল কাটল। ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়ে দিল, টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই নিয়ম কার্যকর নয়। অর্থাৎ ডার্বির জন্য অনলাইনে টিকিট কাটলেও ফের রিডিম করাতে হবে ফুটবলপ্রেমীদের।
বিশ্বকাপ জ্বর শেষ হতেই শুরু ভারতীয় ফুটবলের মরশুম। ২৫ জুলাই কলকাতা ডার্বি। শনিবার, বিকেল ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ দিয়েই শুরু হবে ডুরান্ড কাপ। তার আগেই ক্রীড়ামন্ত্রী জানান, প্রথমবারের জন্য ডুরান্ড কাপে থাকছে পেপারলেস টিকিট। এই খবর নিঃসন্দেহে ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তি এনে দিয়েছিল। অনলাইনে টিকিট কেটেই সরাসরি মাঠে ঢুকতে পারতেন তাঁর। আলাদা করে হার্ড কপি নেওয়ার দরকার নেই।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সমর্থকদের দাবি ছিল পেপারলেস টিকিট চালুর। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেই দাবি পূরণ করেননি। এতদিন সেই ব্যবস্থা কার্যকর না হলেও, সরকার পরিবর্তনের পর এবার সেই দাবিই বাস্তবায়িত হতে চলেছে। কিন্তু সেটা ডুরান্ডের প্রথম ম্যাচ থেকে নয়। ম্যাচের দু'দিন আগে ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়ে দিল, ডার্বির জন্য যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন, তাঁদের নির্দিষ্ট কেন্দ্র থেকে রিডিম করতে হবে। টিকিটের হার্ড কপি নিয়েই স্টেডিয়ামে ঢুকতে হবে। কিউআর কোড বা এম টিকিট এই ম্যাচে গ্রহণযোগ্য নয়।
ডুরান্ড কাপের উদ্বোধনী ডার্বিকে সামনে রেখে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, ইস্টবেঙ্গল ও মোহনবাগান – দুই ক্লাবকেই ৫,১০০টি করে টিকিট দেওয়া হবে। যদিও তুলনামূলক কম টিকিট বরাদ্দে দুই ক্লাবই কিছুটা হতাশ। তবে অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে হু হু করে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান টেন্টের সামনেও টিকিট কেনার লম্বা লাইন। উল্লেখ্য, এবারের ডুরান্ড চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এবারের আসরে অংশ নেবে ২৪টি দল। ডুরান্ড কাপের মোট পুরস্কারমূল্যও বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি চ্যাম্পিয়নশিপের বিভিন্ন বিভাগে পুরস্কার হিসাবে দেওয়া হবে তিনটি এসইউভি গাড়ি। এ বছরের নতুন উদ্যোগ স্থানীয় ফুটবলারদের জন্য বিশেষ স্পট পুরস্কার।
