প্রয়াত প্রাক্তন ফুটবলার মোহন সিং। বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। এদিন দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাঞ্জাবে জন্ম হওয়া মোহনের ময়দানে যাত্রা শুরু হয় ১৯৬৭ সালে, এরিয়ান ক্লাব থেকে। এরপর বিএনআর ঘুরে ১৯৭২ সালে যোগ দেন ইস্টবেঙ্গলে। সেবছর পঞ্চমুকুট জয়ী লাল-হলুদ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পরে যোগ দেন মোহনবাগানে। ১৯৭৫ সালে ফেরেন ইস্টবেঙ্গলে। দু'দফায় লাল-হলুদ জার্সিতে আটটা ট্রফি জেতেন তিনি। পরে মহামেডানে খেলে ফেরেন বিএনআরে। জাতীয় দলেও খেলেছেন তিনি। মোহন সিং ১৯৭২ সালে সন্তোষ ট্রফিতে বাংলার প্রতিনিধিত্ব করেন। জোড়া গোল করে বাংলাকে শিরোপা জেতাতে সাহায্য করেন।
ফুটবলের পাশাপাশি শুরুর দিকে চুটিয়ে ক্রিকেটও খেলতেন। সুনীল গাভাসকর, একনাথ সোলকার, সুরিন্দর অমরনাথ, মহিন্দর অমরনাথদের সঙ্গে ভারতীয় স্কুলে টিমেও ছিলেন তিনি। ডাক পেয়েছিলেন টেস্ট দলেও। শেষ পর্যন্ত ফুটবলেই মন দেন মোহন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। এআইএফএফ সভাপতি শ্রী কল্যাণ চৌবে বলেছেন, “মোহন সিং একজন প্রতিভাবান মিডফিল্ডার ছিলেন। তিনি দক্ষতার সঙ্গে ভারতীয় ফুটবলের সেবা করেছেন। জাতীয় দল এবং দেশের বিখ্যাত ক্লাবগুলোর হয়ে তাঁর পারফরম্যান্স ফুটবলের প্রতি তাঁর আবেগ এবং নিষ্ঠার প্রতিফলন ঘটিয়েছে। ভারতীয় ফুটবল পরিবারের পক্ষ থেকে আমি তাঁর পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।"
