shono
Advertisement
Kolkata Derby

ডার্বিতে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু, ম্যাচের আগে টুটু বোসের জন্য নীরবতা পালনের সিদ্ধান্ত ফেডারেশনের

মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তর বক্তব্য, ডার্বি ও আইএসএল জিততে পারলে তা টুটু বোসকে সত্যিকারের সম্মান জানানো হবে।
Published By: Arpan DasPosted: 06:36 PM May 16, 2026Updated: 06:36 PM May 16, 2026

রবিবার যুবভারতীতে হাইভোল্টেজ ডার্বি। যে জিতবে, এবারের আইএসএল জয়ের খুব কাছে চলে আসবে সেই দল। যুবভারতীতে ইস্টবেঙ্গল-মোহনবাগান দেখতে আসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানান, প্রয়াত টুটু বোসকে শ্রদ্ধা জানাতে কলকাতা ডার্বি শুরুর আগে নীরবতা পালন করা হবে।

Advertisement

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস। যিনি টুটু বোস নামেই বেশি পরিচিত ছিলেন। ডার্বির আগে মনখারাপ ফুটবলভক্তদের। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানালেন, তাঁর সঙ্গে টুটু-পুত্র তথা মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বোসের কথা হয়েছে। সেই অনুযায়ী ডার্বির আগে নীরবতা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কল্যাণ জানান, "আমাকে সৃঞ্জয় বোস ফোন করেছিলেন, যদি নীরবতা পালন করা যায়। আমি বলেছি অবশ্যই। বাংলার ফুটবল ও মোহনবাগানের ক্ষেত্রে টুটুবাবুর ভূমিকা অনস্বীকার্য। দীর্ঘদিন মোহনবাগানের সভাপতি ছিলেন। ফেডারেশন অবশ্যই তাঁকে সম্মান জানাবে।"

অন্যদিকে ক্রীড়ামন্ত্রীকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, তা আগেই 'সংবাদ প্রতিদিন'-এ প্রকাশিত হয়েছিল। এবার কল্যাণ জানালেন, আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও। ফেডারেশন সভাপতি বলেন, "আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছি। ক্রীড়ামন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এত বছরের আইএসএলে কখনও বড় ম্যাচ ট্রফিজয়ের নির্ণায়ক ভূমিকা নিতে পারে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তো আমার অন্তত মনে পড়ছে না। বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা রয়েছে। ভরা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি বাংলার ফুটবলকে বাড়তি উৎসাহ যোগাবে।"

এই মুহূর্তে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দুটি দলেরই পয়েন্ট ১১ ম্যাচে ২২। যে জিতবে লিগজয় তার কার্যত নিশ্চিত। এই পরিস্থিতিতে ডার্বি ও আইএসএল জিততে পারলে তা টুটু বোসকে সত্যিকারের সম্মান জানানো হবে বলে মনে করেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। তিনি বলেন, "টুটুবাবুর আশীর্বাদ আমাদের উপর সবসময় আছে। আমরা আশা রাখি কালকের ডার্বি জিতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারব। কালকের ম্যাচ জিততে পারলে আইএসএল চ্যাম্পিয়ন হব। সেটাই হবে টুটুদাকে সত্যিকারের সম্মান জানানো।" তবে তিনি রেফারিং নিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে বলেন, "যদি ১১ জন বনাম ১১ জন খেলা হয়, তাহলে আমরা জিতব। আর ১১ জনের বদলে যদি ১৪ জন খেলে, তাহলে মুশকিল। আমরা সেটা নিয়ে আতঙ্কিত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement