shono
Advertisement
Lamine Yamal

প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের

FIFA World Cup 2026: লা লিগার শেষের দিকে হ‌্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে শেষের ম‌্যাচগুলিতে তিনি আর মাঠে নামতে পারেননি।
Published By: Prasenjit DuttaPosted: 01:58 PM Jun 05, 2026Updated: 03:04 PM Jun 05, 2026

লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস বিশ্বকাপের প্রথম ম‌্যাচের আগে সুস্থ হয়ে যাবেন। এমনই বার্তা দিলেন স্প‌্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। লা লিগার শেষের দিকে হ‌্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে শেষের ম‌্যাচগুলিতে তিনি আর মাঠে নামতে পারেননি।

Advertisement

গত এপ্রিলে সেল্টা ভিগোর বিরুদ্ধে ম‌্যাচে পেনাল্টি থেকে গোল করার পরই পায়ের পেশিতে টান লাগে ইয়ামালের (Lamine Yamal)। রিজার্ভ বেঞ্চের দিকে ইঙ্গিত করে মাঠ ছাড়েন তিনি। পরে তাঁর বাঁ-পায়ের হ‌্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। ইয়ামাল নিজেই জানিয়েছেন, চোট পাওয়ার পর তিনি মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলেন। তাঁর বোধহয় বিশ্বকাপ খেলা হবে না, এই আতঙ্ক তাঁকে গ্রাস করেছিল। যদিও চোট থাকা সত্ত্বেও ফুয়েন্তে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দলে ইয়ামালকে রেখেছেন।

দলের অপর তারকা নিকোরও অবস্থা তাই। চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনিও। ইউরো চ‌্যাম্পিয়ন স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন। প্রতিপক্ষ কেপ ভার্দে। ফুয়েন্তে বলেছেন, ‘‘আমরা ক্লাবগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। ওদের চোটের উন্নতির দিকে নজর রাখা হচ্ছে। এবং সত্যিটা হল, ওরা প্রতিদিন উন্নতি করছে।’’

লামিনে ইয়ামাল। ফাইল ছবি।

এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) স্পেনের ভাগ‌্য অনেকটাই ইয়ামালের পারফরম‌্যান্সের উপর নির্ভর করছে। তরুণ স্প‌্যানিশ তারকা চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে আছেন। তবে বিশ্বকাপের প্রথম ম‌্যাচের আগে সুস্থ হয়ে উঠলেও ইয়ামাল খেলবেন কি না, তার নিশ্চয়তা দেননি ফুয়েন্তে। তিনি বলেছেন, ‘‘এখনও পর্যন্ত যেভাবে ওর চোটের উন্নতি হচ্ছে, তাতে আমরা খুশি। তবে বিশ্বকাপের প্রথম ম‌্যাচে ও খেলবেই, একথা বলতে পারব না।’’

এমনিতে, স্পেন ম‌্যানেজমেন্ট আগেই জানিয়েছিল, ইয়ামালের প্রথম ম‌্যাচে খেলার সম্ভাবনা কম। তেমন হলে তাঁরা দ্বিতীয় ম‌্যাচে স্প‌্যানিশ তারকাকে খেলাবেন। আসন্ন বিশ্বকাপে স্পেন চ‌্যাম্পিয়ন হওয়ার অন‌্যতম দাবিদার। যদিও ফুয়েন্তে ফেভারিটের তকমা নিয়ে মাথা ঘামাতে নারাজ। স্পেন কোচ বলেছেন, ‘‘এই বিশ্বকাপটা ঐতিহাসিক হবে। কারণ, খেতাব জয়ের দাবিদার হিসাবে একাধিক দেশ রয়েছে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement