শুক্রবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল (East Bengal) নামছে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। এটিই ইস্টবেঙ্গলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই সাউথ ইউনাইটেড আবার শেষ ম্যাচে মোহনবাগানের কাছে ০-৮ গোলে হেরেছে। গত সিআইএসএফ ম্যাচে যে দল খেলিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও হাবাস, সেই দলের থেকে শুক্রবার খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
রক্ষণে আনোয়ারের পাশে নবাগত বিদেশি নাচো মনসালভের খেলার সম্ভাবনা রয়েছে। নাচো খেললে রক্ষণভাগের শক্তি বাড়বে লাল-হলুদের। এমনকী সদ্য ইস্টবেঙ্গলে যোগ দেওয়া আরেক বিদেশি ক্রিস ইকোনমেডিসকেও স্কোয়াডে রাখতে পারেন হাবাস। তবে প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা খুবই কম। পরিবর্ত হিসাবে দ্বিতীয়ার্ধে নামতে পারেন। ফলে প্রথম একাদশে তিন বিদেশি শুরু করতে পারেন।
নাচো ছাড়াও বাকিরা হলেন দানি র্যামিরেজ ও মহম্মদ রশিদ। ডার্বি হারের পর যে আত্মবিশ্বাসে চিড় ধরেছিল ইস্টবেঙ্গলের, আপাতত গ্রুপ পর্বের পরের ম্যাচে বড় ব্যবধানে জিতে তা মেরামত করে নিয়েছেন আনোয়াররা। এই ম্যাচটি লাল-হলুদ কোচ হাবাস এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ালিফায়ারের কুয়েতে আল আরাবি এসসি ম্যাচের প্রস্তুতি ম্যাচ হিসাবেও দেখতে চান।
ডার্বি হারের পর সিআইএসএফকে ৮-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। ডুরান্ডে পরের পর্বে যাওয়ায় সম্ভবনা রয়েছে তাদের। গ্রুপ পর্ব থেকে ছ'টি গ্রুপের সেরা ছয় দল ও দু'টি দ্বিতীয় সেরা দল পরবর্তী পর্বে যাবে। এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সেই সম্ভাবনা যথেষ্ট থাকলেও অঙ্কের বিচারে অন্য দলগুলোর শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী পর্বের সম্ভাবনা উজ্জ্বল করতে হলে শুক্রবার তাদের বড় ব্যবধানে জিততে হবে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। আপাতত ডুরান্ড ডার্বি ছাড়া খুব কঠিন প্রতিপক্ষের এখনও পর্যন্ত মুখোমুখি হতে হয়নি প্রভসুখন গিলদের। তার উপর ১২ আগস্ট ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-কোয়ালিফায়ারের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল।
আজ ডুরান্ড কাপে
ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড
যুবভারতী, সন্ধ্যা ৭.০০
সরাসরি সোনি স্পোর্টস নেটওয়ার্ক
