shono
Advertisement
Argentina FIFA World Cup 2026 squad

বালের্ডির বদলি ঘোষণা আর্জেন্টিনার, বিশ্বকাপে হঠাৎ সুযোগ পেয়ে আবেগঘন সেনেসি

তরুণ ডিফেন্ডার বালের্ডি প্র্যাকটিসের মাঝে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছিলেন। আর তাতেই তাঁর বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে যায়। তাঁর বদলি হিসাবে মার্কোস সেনেসির নাম ঘোষণা করেছে 'লা আলবিসেলেস্তে'। বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে কী বলছেন তিনি? 
Published By: Prasenjit DuttaPosted: 02:05 PM Jun 12, 2026Updated: 04:55 PM Jun 12, 2026

বিশ্বকাপের সপ্তাহ তিনেক আগে হঠাৎই মেসির চোট নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ইন্টার মায়ামির জার্সিতে খেলার সময় নিজেই মাঠ ছাড়ার ইঙ্গিত করেন আর্জেন্টাইন মহাতারকা। যা দেখে দ্রুত তাঁকে তুলে নেওয়া হয়। তবে সমস্ত উদ্বেগ দূরে সরিয়ে প্রস্তুতি ম্যাচে খেলেছেন তিনি। তবে চোট পান লিওনার্দো বালের্ডি। এবার তাঁর পরিবর্ত ঘোষণা করে দিল আর্জেন্টিনা।

Advertisement

তরুণ ডিফেন্ডার বালের্ডি প্র্যাকটিসের মাঝে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছিলেন। আর তাতেই তাঁর বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে যায়। আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘ডিফেন্ডার লিওনার্দো বালের্ডির ডান পায়ের পেশিতে চোট লেগেছে এবং তিনি বিশ্বকাপের স্কোয়াডে (Argentina FIFA World Cup 2026 squad) থাকতে পারছেন না।’ তাঁর বদলি হিসাবে মার্কোস সেনেসির নাম ঘোষণা করেছে 'লা আলবিসেলেস্তে'।

শুক্রবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, 'বালের্ডির ডান পেশির চোট গুরুতর। সেই চোট ওকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। তাঁর পরিবর্ত হিসাবে সুযোগ দেওয়া হয়েছে মার্কোস সেনেসিকে।' জানা গিয়েছে, তিনি কয়েক ঘণ্টার মধ্যেই আকাশি-সাদা শিবিরের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের আগে দল এবং পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে বোর্নমাউথের এই ডিফেন্ডারের সামনে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। যত দ্রুত সম্ভব যাত্রার প্রস্তুতি নিচ্ছি। শীঘ্র দেখা হবে। অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে।"

সেনেসিকে ফোন করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই মুহূর্ত ভিডিও করেন সেনেসির স্ত্রী কেলসি-রোজ বোয়ার্স। জাতীয় দলে বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণের পর আবেগ ধরে রাখতে পারেননি তাঁরা। আনন্দে কেঁদে ওঠেন দু'জনই। গত চার মরশুমে ধারাবাহিকভাবে ইংলিশ ক্লাবের হয়ে দারুণ ফুটবল উপহার দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত মরশুমে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে তারা। এর নেপথ্যে ছিল সেনেসির গুরুত্বপূর্ণ অবদান। তবে ভালো পারফরম্যান্স করেও ২৬ জনের স্কোয়াডে প্রথমে সুযোগ মেলেনি।

শেষ পর্যন্ত বালের্ডির চোটে বিশ্বকাপ খেলা হচ্ছে সেনেসির। এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। একই সঙ্গে ইটালির জাতীয় দলে খেলারও প্রস্তাব পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি আর্জেন্টিনার হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। গত অক্টোবরে ভেনেজুয়েলার বিরুদ্ধে গোটা ম্যাচে খেলেছিলেন। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার বিপক্ষে, মার্চ মাসে। এবার ২৯ বছর বয়সি এই ডিফেন্ডারকে দেখা যাবে বিশ্বকাপেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement