জামশেদপুর: ১ (তালাল)
মহামেডান: ০
মোহনবাগানে ঋতুরাজ বসন্তের আগমনী সুর শোনা গেলেও মহামেডান (Mohammedan SC) বেসুরো। জামশেদপুর এফসি'র বিরুদ্ধে ০-১ গোলে হেরে আইএসএল অভিযান শুরু করল সাদা-কালো ব্রিগেড। তবে কোচ মেহরাজউদ্দিন ওয়াড়ুর স্বদেশি ব্রিগেড যেভাবে লড়াই করল, তাকে প্রশংসা করতেই হয়।
রবিবার জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল উপহার দেয় জামশেদপুর। বল দখলের লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন মেসি বাউলি, মাদিহ তালালরা। যার ফলও হাতেনাতে পায়। ৯ মিনিটে ইস্টবেঙ্গলের প্রাক্তনী তালালের গোলে এগিয়ে যায় 'ইস্পাত নগরী'। ১২ মিনিটে দারুণ সুযোগ পায় জামশেদপুর। ২২ মিনিটে মেসি বাউলির গোল অফ সাইডের জন্য বাতিল হয়। ২৮ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন লাল-হলুদের এই প্রাক্তনী।
৩০ মিনিটে প্রথম সুযোগ আসে মহামেডানের সামনে। ৩৫ মিনিটে আদিসন সিংয়ের গোলে এগিয়ে যেতেই পারত। কিন্তু সাইড নেটে মেরে বসেন সাদা-কালো ফুটবলার। প্রথমার্ধে এটুকু ছাড়া আর বিশেষ কিছু করতে পারেননি মহামেডান ফুটবলাররা। বেশিরভাগ সময়টা জামশেদপুরের ফুটবলারদের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকেন অমরজিৎ সিং কিয়াম, গৌরব বোরারা। প্রথমার্ধে অবশ্য আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ছবিটা বিশেষ বদল হয়নি। একই রকম ভাবে আক্রমণ শানায় জামশেদপুর। ৪৭ মিনিটে পিছিয়ে পড়তে পারত মহামেডান। পোস্ট বাঁচিয়ে দেয় তাদের। গত মরশুমে সেমিফাইনালে উঠতে পারেনি জামশেদপুর। এবার তাই বাড়তি তাগিদ নিয়ে নেমেছিল তারা। অন্যদিকে, মহামেডানে নজরে ছিলেন আদিসন, হীরা মণ্ডলরা। তাঁরা খারাপ খেলেননি। লড়াই করেও সমতায় ফিরতে পারেনি 'ব্ল্যাক প্যান্থার্স'রা। হারের ক্ষত বুকে নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
