জামশেদপুরে নিজেদের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি দিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। গত শনিবার জামশেদপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অ্যাওয়ে দলের সমর্থকদের হাতে মার খেয়ে মাথায় ফেটেছে মোহনবাগান সমর্থক রাজীব রায়ের।
তাঁর জার্সি ছিড়ে দেওয়া হয়েছে। বারবার জামশেদপুরে খেলা দেখতে গিয়ে সমর্থকরা আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ক্লাব সভাপতি দেবাশিস দত্ত মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাকে অনুরোধ করেছেন যেহেতু জামশেদপুর এফসিকে একাধিকবার বলা সত্ত্বেও কোনও প্রকার সুরাহা হয়নি, তাই সঞ্জীব গোয়েঙ্কা যেন ফেডারেশনের কাছে বিষয়টি উত্থাপন করে এই ঘটনার জন্য কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
প্রয়োজনে যতদিন অ্যাওয়ে দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারছেন জামশেদপুর কর্তারা, ততদিন যেন ওই স্টেডিয়ামে খেলা না দেওয়া হয়, এরকমই অনুরোধ করেছেন মোহনবাগান সভাপতি। ২০২৩ সাল থেকে এই মরশুম পর্যন্ত যে কজন মোহনবাগান সমর্থক জামশেদপুরে খেলা দেখতে গিয়ে আহত হয়েছেন, তাঁদের তথ্য সভাপতি তুলে ধরেছেন মোহনবাগান সুপার জায়েন্ট চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে।
গত পাঁচ এপ্রিলের ম্যাচেও জামশেদপুরে গিয়ে আক্রান্ত হতে হয়েছে এক মোহনবাগান সমর্থককে। প্রত্যক্ষদর্শীদের মতে, খেলা শেষে হামলার শিকার হন ২৮ বছরের সমর্থক রাজীব রায়। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু শুভময় জানা। ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে ৮-১০ জন ওই মোহনবাগান সমর্থকের উপর হামলা চালান বলে অভিযোগ।
