shono
Advertisement
East Bengal

ভারতীয় ফুটবলের সূচি নিয়ে ক্ষুব্ধ ইমামি, অসন্তোষ প্রকাশ দেবব্রতরও

ভারতীয় ফুটবলের রোডম্যাপ সরকারিভাবে এখনও পাওয়া যায়নি। এই মরশুম শেষ হওয়ার পর দেখা যাচ্ছে আইএসএল খেলা অধিকাংশ দলের কোচ, ফুটবলারদের চুক্তি শেষ হয়ে গিয়েছে ৩১ মে।
Published By: Subhajit MandalPosted: 04:40 PM Jun 03, 2026Updated: 09:30 PM Jun 03, 2026

ভারতীয় ফুটবলের রোডম্যাপ সরকারিভাবে এখনও পাওয়া যায়নি। এই মরশুম শেষ হওয়ার পর দেখা যাচ্ছে আইএসএল খেলা অধিকাংশ দলের কোচ, ফুটবলারদের চুক্তি শেষ হয়ে গিয়েছে ৩১ মে। যেহেতু রোডম্যাপ এখনও পাওয়া যায়নি, তাই কোচ, ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়াতে পারছে না ক্লাবগুলো। এই পরিস্থিতির শিকার ইস্টবেঙ্গল (East Bengal) কোচ অস্কার ব্রুজোও। আইএসএল চ্যাম্পিয়ন কোচের সঙ্গেও চুক্তি করতে পারছে না ইস্টবেঙ্গল। এমন পরিস্থিতিতে লাল-হলুদের ইনভেস্টর ইমামি যথেষ্টই বিরক্ত ফেডারেশনের ওপর। এমনটাই জানাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।

Advertisement

এদিন ক্লাবে বৈঠকে বসেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। বৈঠক শেষে দেবব্রত সরকার বলেন, "ইমামি ভারতীয় ফুটবলের সূচি নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট।” এখানেই শেষ নয়, লাল-হলুদ সমর্থকরা চিন্তায় রয়েছে এবারে চ্যাম্পিয়নের পর আগামী মরশুমে দলগঠন কী হবে তা নিয়ে। তিনি যোগ করেন, "ইস্টবেঙ্গল নিজের দমেই আইএসএল খেলেছে। বলেছিলাম দু বছরের মধ্যেই আমরা চ্যাম্পিয়ন হব। হয়েছি। এবারও বলছি, নিজেদের দমেই সেরা দল গড়ব।”

সেপ্টেম্বর থেকে ফেডারেশন কর্তারা আইএসএল শুরু করার চেষ্টা করছেন বলে শোনা গেলেও, সরকারিভাবে সেই খবরে সিলমোহর না পড়ায় সেই খবরকে পাত্তা দিচ্ছেন না ইস্টবেঙ্গল কর্তা। ওই প্রস্তাবিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী মরশুমে পূর্ণাঙ্গ আইএসএল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেডারেশন কাপ-সহ অন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলিও হবে। আগামী আইএসএল শুরু হতে পারে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে। চলবে ২০২৭ সালের ১১ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ প্রায় সাড়ে সাত মাস ধরে চলবে দেশের সেরা ফুটবল লিগ। আইএসএলের পর হবে ফেডারেশন কাপ। এই প্রতিযোগিতা হতে পারে ২০২৭ সালের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।

কিন্তু সরকারিভাবে এই ক্যালেন্ডার ঘোষণা করা হয়নি। তাছাড়া শুধু হবে বললেই তো হল না, সেটা কীভাবে হবে, তেমন কোনও রোডম্যাপ ফেডারেশনের হাতে নেই। তাতেই ক্ষোভ বাড়ছে ইস্টবেঙ্গলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement