shono
Advertisement

Breaking News

FIFA World Cup 2026

বাকি মাত্র দু'মাস! এখনও সম্প্রচার স্বত্ব কেনেনি কোনও সংস্থা! ভারতে দেখা যাবে তো ফুটবল বিশ্বকাপ?

ইতিমধ্যে সূচি প্রকাশিত হয়েছে। কিন্তু খেলা দেখা যাবে কোন চ্যানেলে? তার এখনও কোনও নিশ্চয়তা নেই। কেন এই দুরবস্থা?
Published By: Arpan DasPosted: 10:14 PM Apr 10, 2026Updated: 10:14 PM Apr 10, 2026

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাস দুয়েক বাকি। ইতিমধ্যে সূচি প্রকাশিত হয়েছে। কিন্তু খেলা দেখা যাবে কোন চ্যানেলে? তার এখনও কোনও নিশ্চয়তা নেই। এখনও ফিফা সম্প্রচার স্বত্ব কোনও চ্যানেলকে বিক্রি করতে পারেনি। ফলে আদৌ বিশ্বকাপের ম্যাচ টিভিতে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় বাড়ছে। কিন্তু কেন এই দুরবস্থা?

Advertisement

ভারতবর্ষে ফুটবলপ্রেমীর অভাব নেই। দেশ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স-স্পেনের ম্যাচ দেখার দর্শক প্রচুর পরিমাণে আছেন। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু কোনও সংস্থা ম্যাচ দেখানোর আগ্রহ দেখায়নি। বাধ্য হয়ে ফিফা সম্প্রচার স্বত্ব নামিয়ে আনে ৩৫ মিলিয়ন ডলারে। কিন্তু অবস্থা বদলায়নি।

তাই এখনও ঠিক হয়নি বিশ্বকাপের ম্যাচ কোথায় দেখা যাবে। ১১ জুন থেকে শুরু বিশ্বকাপ। কিন্তু কেন এই দুরবস্থা? আসলে আমেরিকা-কানাডা-মেক্সিকোয় আয়োজিত বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ ভারতীয় সময় গভীর রাতে। মূলত রাত সাড়ে বারোটা, দেড়টা, সাড়ে তিনটে, ভোর সাড়ে চারটে কিংবা সকাল সাড়ে ছটায়। সেই সময় কি বিপুল পরিমাণ দর্শক খেলা দেখবেন? সংশয়ে চ্যানেল সংস্থাগুলো। সম্ভবত সে কারণেই উৎসাহ হারাচ্ছে টেলিভিশন সংস্থা বা ওটিটি প্লাটফর্মগুলো।

তাছাড়া ভারতে ক্রিকেট নিয়ে মাতামাতির জন্য বড় চ্যানেলগুলো সেখানে টাকা বিনিয়োগ করে ফেলেছে। সেখানে ফুটবলের জন্য তাদের ভাঁড়ারে টান পড়ছে। যদিও জিওহটস্টারের থেকে ২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই পরিমাণটা খুবই কম। মনে করিয়ে দেওয়া যাক, ২০২২ সালে কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ভারতে বিক্রি হয়েছিল ৬২ মিলিয়ন ডলারে। সব মিলিয়ে বিশ্বকাপের দু'মাস আগেও সম্প্রচার নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement