shono
Advertisement

Breaking News

Santosh Trophy

বিতর্ক ঝেড়ে সন্তোষের কোয়ার্টারে নামছে বাংলা, 'ভয়ংকর' প্রতিপক্ষকে বাড়তি গুরুত্ব কোচ সঞ্জয়ের

গ্রুপ পর্বের অসম ম্যাচ এখন অতীত। সেই ম্যাচের পর বারো ঘণ্টার ভয়াবহ বাস যাত্রার ঘটনা ভুলে গিয়ে মঙ্গলবারের কোয়ার্টার ফাইনালে সার্ভিসেস ম্যাচে টিমকে নজর দিতে বলেছেন বাংলা কোচ সঞ্জয় সেন।
Published By: Arpan DasPosted: 10:02 AM Feb 03, 2026Updated: 11:11 AM Feb 03, 2026

গ্রুপ পর্বের অসম ম্যাচ এখন অতীত। সেই ম্যাচের পর বারো ঘণ্টার ভয়াবহ বাস যাত্রার ঘটনা ভুলে গিয়ে মঙ্গলবারের কোয়ার্টার ফাইনালে সার্ভিসেস ম্যাচে টিমকে নজর দিতে বলেছেন বাংলা কোচ সঞ্জয় সেন। দু'দিন বিশ্রাম নিয়ে বাংলার ফুটবলাররা সোমবার সার্ভিসেস ম্যাচের প্রস্তুতি সারলেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের মাঠে।

Advertisement

রবিবারই আইএফএ-র তরফে ফেডারেশনকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। সেখানে তুলে ধরা হয়েছিল, সন্তোষ ট্রফির টুর্নামেন্ট আয়োজনের বেহাল অবস্থা। সেই চিঠিতেই কোয়ার্টার ফাইনাল ম্যাচ পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। ফেডারেশন বাংলার ম্যাচটি সোমবারের থেকে পিছিয়ে মঙ্গলবার করে।

বাংলা কোচ সঞ্জয় সেন বলেন, "এই ম্যাচের আগে আটচল্লিশ ঘণ্টা বিশ্রামের সময় পেয়েছি, এটা ভালো দিক। ছেলেদের বলে দিয়েছি অসম ম্যাচের পর ওই বাস জার্নির ঘটনাটা ভুলে যাও। সামনের দিকে তাকাও। সার্ভিসেসের ফুটবলাররা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে। বোঝাপড়া ভালো। সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। আর একটা দিক ছেলেদের মাথায় রাখতে বলেছি। এবার সার্ভিসেস প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে যেতে কেরলের মতো দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। যে দল এভাবে উপরের দিকে উঠে আসে, তারা সবসময় ভয়ংকর হয়। তাই বিশেষ ভাবে গুরুত্ব দিতেই হবে ওদের।"

আপাতত বাংলার ফুটবলারদের কাছে সার্ভিসেস ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে দিয়েছেন সঞ্জয় সেন। অন্য গ্রুপ থেকে লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে সার্ভিসেস। মঙ্গলবার বাংলা দলের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দলে কার্ড সমস্যা নেই। চোট পাওয়া ফুটবলার উত্তম হাঁসদা ছাড়া বাকি সবাই সুস্থ। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত রয়েছেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠারা।

আজ সন্তোষ ট্রফিতে বাংলা বনাম সার্ভিসেস
ঢেকুয়াখানা
দুপুর ২.০০
ফিফা প্লাস অ্যাপ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement