shono
Advertisement
East Bengal

এখনই হচ্ছে না অস্কার বিদায়! স্প্যানিশ হেডকোচের অধীনে মহামেডান ম্যাচের প্রস্তুতি ইস্টবেঙ্গলের

পরপর তিন ম্যাচে সাত পয়েন্ট নষ্ট করার পর রীতিমতো হতাশ লাল-হলুদ সমর্থকরা। লাল-হলুদ কোচকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:12 AM Mar 17, 2026Updated: 01:58 PM Mar 17, 2026

অস্কার ব্রুজো (Oscar Bruzon) কি সত্যিই চলে যাচ্ছেন? এখনই বলা যাবে না অস্কার অতীত। মঙ্গলবার অস্কারের নেতৃত্বেই অনুশীলনে নামতে চলেছেন ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবলাররা। আপাতত পরবর্তী মহামেডান ম্যাচ পর্যন্ত সময় পেয়ে যেতে পারেন অস্কার। জানা গিয়েছে, স্প্যানিশ কোচের কাছে জানতে চাওয়া হয়েছে কী সমস্যা। যদিও ইমামি কর্তারা মুখে বলছেন, সোমবার নির্দিষ্ট কোনও বোর্ড মিটিং হয়নি তাদের মধ্যে। প্রতিদিনই কোচের সঙ্গে তাদের কথাবার্তা হয়।

Advertisement

আসলে এই মুহূর্তে অস্কারকে সরিয়ে নতুন কোচ আনতে গেলে, তাঁকে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। সেটাও ভাবনার বিষয়। তবে আলোচনা চলছে। পরপর তিন ম্যাচে সাত পয়েন্ট নষ্ট করার পর রীতিমতো হতাশ লাল-হলুদ সমর্থকরা। লাল-হলুদ কোচকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে। এই মুহূর্তে লাল-হলুদ কোচ নিজেও স্যোশাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের বায়ো থেকে মুছে ফেলেছেন ইস্টবেঙ্গলের নাম। তারপর থেকেই জল্পনা বাড়ছে।

তবে শনিবার মহামেডানের বিরুদ্ধে ম্যাচ। এই মুহূর্তে সেদিকেই নজর দিতে চাইছেন ইমামি কর্তারা। আপাতত তাই মঙ্গলবার থেকে অস্কারের নেতৃত্বেই ইস্টবেঙ্গল ফুটবলাররা মহামেডান ম্যাচের প্রস্তুতি শুরু করতে চলেছেন। আপাতত আইএসএলে পাঁচ ম্যাচ খেলে দুটো ম্যাচে জয়, দুটো ম্যাচে হার ও একটি ম্যাচে ড্র করেছে ইস্টবেঙ্গল। সেখানে মহামেডান তাদের চারটে ম্যাচেই হেরে গিয়েছে। লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে তারা। এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মবিশ্বাস আবার ফিরে আসবে আগের জায়গায়। আপাতত চেনা ছন্দে ইউসেফ আজেজারিদের দেখতে চাইছেন লাল-হলুদ সমর্থকরা।

উল্লেখ্য, কেরালা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ব্রুজো বলেছিলেন, “ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত কিছু লোক আছে, যারা দলের উন্নতি করতে চায় না।" এহেন মন্তব্যে ক্লাব কর্তাদের জবাব ছিল, কোচের কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তাঁরা। এবারের আইএসএলের শুরুটা অসাধারণ করেছিল ইস্টবেঙ্গল। তবে প্রথম দুই ম্যাচ জয়ের পর কেমন যেন খেই হারিয়ে ফেলেছে অস্কার ব্রুজোর দল। মহামেডানকে হারাতে পারলে সেই ছন্দ আবারও ফিরে আসবে লালহলুদ শিবিরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement