shono
Advertisement
Childhood Leukaemia

নন-স্টিক কড়াই, ফাস্টফুডের মোড়ক থেকে বাড়ছে শিশুদের লিউকেমিয়ার ঝুঁকি, জানুন কী করণীয়

শিশুর সুস্থ ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে জীবনের প্রথম কয়েকটি বছরের উপর, এমনকী জন্মের আগের সময়টাতেও। তাই অদৃশ্য এই রাসায়নিক ঝুঁকি সম্পর্কে সচেতন থাকাই এখন সবচেয়ে বড় সুরক্ষা।
Published By: Pritimoy Roy BurmanPosted: 05:21 PM Apr 30, 2026Updated: 05:21 PM Apr 30, 2026

জন্মের মুহূর্তেই শরীরে ঢুকে পড়া কিছু অদৃশ্য রাসায়নিক ভবিষ্যতের অসুখের বীজ বপন করতে পারে। নতুন গবেষণা সেই আশঙ্কাকেই আরও জোরালো করল। জীবনের একেবারে শুরুর দিকে পিএফএএস বা 'ফরএভার কেমিক্যাল'-এর সংস্পর্শ শিশুদের মধ্যে লিউকেমিয়ার ঝুঁকি বাড়াতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

Advertisement

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই সমীক্ষায় দেখা গেছে, নবজাতকের শরীরে নির্দিষ্ট কিছু পিএফএএস-এর মাত্রা বেশি থাকলে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (এএলএল), শিশুদের সবচেয়ে সাধারণ রক্তের ক্যানসার হওয়ার সম্ভাবনাও তুলনামূলক বেশি।

সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। ছবি: সংগৃহীত

‘ফরএভার কেমিক্যাল’, নামেই লুকিয়ে ভয়
পিএফএএস, অর্থাৎ, পার অ্যান্ড পলিফ্লুরোঅ্যালকাইল সাবস্ট্যান্স হল এমন এক কৃত্রিম রাসায়নিক, যা জল, তেল, দাগ বা তাপ প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। আমাদের দৈনন্দিন জীবনের অনেক সাধারণ জিনিসেই এগুলি উপস্থিতি। নন-স্টিক কড়াই, ফাস্ট ফুডের মোড়ক, পপকর্ন ব্যাগ, জলরোধী মেকআপ, দাগ-প্রতিরোধী কাপড়।

সমস্যা হল, এই রাসায়নিকগুলি প্রায় ভাঙে বা নষ্ট হয় না। বছরের পর বছর পরিবেশে থেকে যায়, জমতে থাকে মাটি, জল, বাতাস, এমনকী আমাদের শরীরেও। তাই এদের বলা হয় ফরএভার কেমিক্যাল।

নন-স্টিক কড়া নিরাপদ নয়। ছবি: সংগৃহীত

গবেষণায় কী উঠে এল?
গবেষণাটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টালে। এতে ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে জন্মানো শিশুদের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়। ফলাফলে দেখা যায় ১৭ ধরনের পিএফএএস যৌগের মধ্যে কিছু বিশেষ রাসায়নিকের মাত্রা বেশি ছিল সেই শিশুদের শরীরে, যারা পরে লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছে। গবেষকদের ধারণা, এই রাসায়নিকগুলি ইমিউন সিস্টেম ও রক্তকণিকা তৈরির প্রক্রিয়ায় প্রভাব ফেলে। যদিও এখনও আরও গবেষণা চলছে।

কেন শিশুরাই বেশি ঝুঁকিপূর্ণ?
শিশুর শরীর দ্রুত বৃদ্ধি পায়, আর এই সময়টিই সবচেয়ে সংবেদনশীল। জল, বাতাস ছাড়াও আরও বেশ কিছু উপায় শরীরে এগুলো ঢুকতে পারে। শিশুরা প্রায় সারাক্ষণই হাত মুখে দেয়
ফলে পরিবেশে থাকা ক্ষতিকর রাসায়নিক সহজেই তাদের শরীরে ঢুকে যেতে পারে এবং প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদে।

মেকআপেও 'ফরএভার কেমিক্যাল'-এর ঝুঁকি! ছবি: সংগৃহীত

কীভাবে কমাবেন ঝুঁকি?
এই গবেষণা সরাসরি কারণ-সম্পর্ক প্রমাণ না করলেও সতর্ক থাকা জরুরি-

  • প্যাকেটজাত ও ফাস্ট ফুড কম খাওয়ান
  • নন-স্টিক কুকওয়্যারের বদলে স্টিল বা কাচের পাত্র ব্যবহার করুন
  • ওয়াটারপ্রুফ বা স্টেইন-রেজিস্ট্যান্ট লেখা পণ্যে সতর্ক থাকুন
  • শিশুদের খেলনা ও ব্যবহার্য জিনিস যতটা সম্ভব কম কেমিক্যালযুক্ত বেছে নিন

শিশুর সুস্থ ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে জীবনের প্রথম কয়েকটি বছরের উপর, এমনকী জন্মের আগের সময়টাতেও। তাই অদৃশ্য এই রাসায়নিক ঝুঁকি সম্পর্কে সচেতন থাকাই এখন সবচেয়ে বড় সুরক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement