ধূমপানে যে শারীরিক ক্ষতির অন্ত নেই, তা আমরা সবাই জানি। কিন্তু এবার সামনে এল আরও এক উদ্বেগজনক তথ্য, বাবার নিকোটিন আসক্তি ভবিষ্যতে সন্তানের শরীরেও প্রভাব ফেলতে পারে। নতুন এক গবেষণা বলছে, বাবার এই অভ্যেস সন্তানের ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। এমনকী জন্মের আগেই তার প্রভাব শুরু হতে পারে।
ভারতে ধূমপায়ীর সংখ্যা কয়েক কোটিরও বেশি। অনেক সময় এটি স্ট্রেস বা অভ্যেসের কারণে শুরু হলেও, এর প্রভাব কিন্তু অনেক গভীর। শুধু ধূমপায়ীর শরীর নয়, পরিবারের অন্য সদস্যদের, বিশেষ করে শিশুদের ওপরও এর প্রভাব পড়ে।
ছবি: সংগৃহীত
কী বলছে গবেষণা?
জার্নাল অফ দ্য়া এন্ডোক্রানই সোসাইটিতে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে দেখা যাচ্ছে, বাবার শরীরে নিকোটিনের প্রভাব সন্তানের মেটাবলিজম বা বিপাকক্রিয়া এবং রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে।
ইঁদুরের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ ইঁদুরকে নিকোটিনের সংস্পর্শে রাখা হয়েছিল, তাদের সন্তানের মধ্যে গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। ফলে ভবিষ্যতে তাদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বেশি।
কেন বিষয়টি এত গুরুত্বপূর্ণ?
গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য়ে বিশেষ নজর দেওয়া হয়। এই গবেষণা বলছে, বাবার জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ, এমনকি সন্তান জন্মের আগেই। নিকোটিন শরীরে শুধু ক্ষতিই করে না, এটি শুক্রাণুর গঠনেও পরিবর্তন আনতে পারে। ফলে সেই প্রভাব ভবিষ্যৎ সন্তানের শরীরে পৌঁছাতে পারে। এর পাশাপাশি, বাড়িতে ধূমপানের কারণে সেকেন্ড হ্যান্ড স্মোক বা পরোক্ষ ধূমপানও বড় ঝুঁকির, যা গর্ভবতী মা ও ভ্রূণের উপর সরাসরি প্রভাব ফেলে।
ছবি: সংগৃহীত
ভারতীয়দের জন্য সতর্কবার্তা
ভারতে ডায়াবেটিস ইতিমধ্যেই এক বড় জনস্বাস্থ্য সমস্যা। এর সঙ্গে যদি যুক্ত হয় বাবার ধূমপানের প্রভাব, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারে। সন্তানের সুস্থ ভবিষ্যৎ শুধু মায়ের নয়, বাবারও সমান দায়িত্ব।
কী করণীয়?
যদি আপনি ধূমপায়ী হন, তাহলে এই অভ্যেস ছাড়ার কথা এখনই ভাবা জরুরি। এটি শুধু আপনার শরীর নয়, আপনার সন্তানের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। ছোট একটি পরিবর্তন, আপনার পরিবারের আগামীকে অনেকটাই নিরাপদ করে তুলতে পারে।
