shono
Advertisement
Weekend Overeating

উইকএন্ডে পেটপুজো, সোমবারই গ্যাস-অম্বলে কাহিল! বারবার হলে সতর্ক হোন

রেস্তরাঁর খাবারে সাধারণত ফাইবার কম থাকে, কিন্তু তেল, প্রসেসড উপাদান, চিনি ও মশলা বেশি থাকে, যা অম্বল ও পেট অস্বস্তিকে আরও বাড়িয়ে তোলে।
Published By: Pritimoy Roy BurmanPosted: 06:19 PM May 20, 2026Updated: 07:09 PM May 20, 2026

শনি-রবি মানেই একটু জমিয়ে খাওয়া, বাইরে রেস্তরাঁ, ঠান্ডা পানীয়, রাত জাগা আর অনিয়ম। কিন্তু উইকএন্ডের সেই আনন্দ অনেক সময় সোমবার সকালেই শরীর বুঝিয়ে দেয় পেট ফাঁপা, অম্বল, গ্যাস, পেট ভার লাগা বা অস্বস্তির মাধ্যমে। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ বদলে যাওয়া খাবার ও রুটিনই এই সমস্যার বড় কারণ।

Advertisement

চিকিৎসকদের কথায়, আমাদের হজমতন্ত্র খুব সংবেদনশীল। সারাসপ্তাহ নিয়ম মেনে চলার পর উইকএন্ড বা সপ্তাহান্তে অতিরিক্ত তেল-মশলাদার খাবার, ফাস্ট ফুড, মিষ্টি, সফট ড্রিঙ্ক বা অ্যালকোহল পানে পাকস্থলী ও অন্ত্রের উপর একসঙ্গে অনেকটা চাপ পড়ে। ফলে সোমবার দিনের শুরু থেকেই শরীর ক্লান্ত ও পেট ভার লাগতে পারে।

সপ্তাহ শেষের ভুরিভোজ। ছবি: সংগৃহীত

উইকএন্ডে মানুষ সাধারণত বাড়ির খাবারের বাইরে গিয়ে অনেক বেশি তেল, নুন ও মশলাযুক্ত খাবার খান। এতে হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং ব্লোটিং বা অম্বলের মতো সমস্যা দেখা দেয়।

অনিয়মই বাড়ায় বিপদ
শুধু কী খাচ্ছেন তা নয়, কখন খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। অনেকেই দিনের বেলা কম খেয়ে রাতে হঠাৎ অতিরিক্ত খেয়ে ফেলেন। আবার রাত জেগে খাওয়া বা খাবারের সময় বারবার বদলানোও হজমে সমস্যা তৈরি করে।

বিশেষজ্ঞদের মতে, এর ফলে পেট ফাঁপা, ঢেকুর, বমিভাব, বুকজ্বালা বা সবসময় পেট ভার লাগার মতো উপসর্গ দেখা দিতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সাময়িক, তবুও বারবার হলে সতর্ক হওয়া প্রয়োজন।

বেশি খেলেই বিপদ। ছবি: সংগৃহীত

গাট হেলথেও পড়ছে প্রভাব
চিকিৎসকদের কথায়, উইকএন্ডের অনিয়ম ‘গাট মাইক্রোবায়োম’-এর ভারসাম্যও নষ্ট করতে পারে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলি হজমশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাইরের খাবার, কম জলপান, কম ফাইবারযুক্ত ডায়েট, ঘুমের অভাব ও অতিরিক্ত ক্যাফেইন শরীরের স্বাভাবিক হজমপ্রক্রিয়াকে ব্যাহত করে। ফলে সোমবার সকালে শরীর ক্লান্ত ও অস্বস্তি লাগে।

গরমে সমস্যা আরও বাড়ে
গরমে এ ধরনের হজমের সমস্যা আরও তীব্র হতে পারে। অতিরিক্ত গরমে শরীরে জলের ঘাটতি তৈরি হয়, যা হজমকে ধীর করে দেয়। পাশাপাশি বাইরে রাখা খাবার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকায়, পেটের সংক্রমণ বা ডায়রিয়ার আশঙ্কাও বেড়ে যায়।

রেস্তরাঁর খাবারে সাধারণত ফাইবার কম থাকে, কিন্তু তেল, প্রসেসড উপাদান, চিনি ও মশলা বেশি থাকে, যা অম্বল ও পেট অস্বস্তিকে আরও বাড়িয়ে তোলে।

বারবার হলে চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: সংগৃহীত

কী করলে মিলবে স্বস্তি?
বিশেষজ্ঞদের পরামর্শ, উইকএন্ড উপভোগ করুন, তবে শরীরের কথাও শুনুন-

  • পর্যাপ্ত জলপান করুন
  • ফাইবারসমৃদ্ধ খাবার খান
  • একবারে অতিরিক্ত খাবার খাবেন না
  • খুব রাতে ভারী খাবার এড়িয়ে চলুন
  • ঘুম ও খাবারের সময়ে অনিয়ম নয়। সেটা সময় মেনে করুন

পুরোপুরি নিয়ন্ত্রণ নয়, বরং ভারসাম্য বজায় রাখাটাই সবচেয়ে জরুরি। ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই দীর্ঘদিন ভালো রাখতে পারে আপনার হজমশক্তি ও গাট হেলথ। তাই উইকএন্ডের আনন্দ যেন সোমবারের অস্বস্তির কারণ না হয়, সেদিকেও নজর রাখা জরুরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement