বাঙালির বারো মাসের সঙ্গী সে। আলুর দম থেকে ঝালঝাল মাংসের ঝোল। আলু ছাড়া আমাদের রসনা তৃপ্তি একপ্রকার অসম্ভব। তবে রান্নার আগে যে খোসাটিকে আমরা ডাস্টবিনে চালান করে দিই, তার আসল গুণ জানলে চমকে উঠবেন আপনিও। পরিবেশবিদরা একে বলছেন ‘লিকুইড গোল্ড’ বা তরল সোনা। ডাস্টবিনের জঞ্জাল না বাড়িয়ে এই খোসা দিয়েই এবার বাজিমাত করতে পারেন আপনি। হেঁশেল থেকে সাধের বাগান, আলুর খোসার ম্যাজিক সর্বত্র। কীভাবে ব্যবহার করবেন আলুর খোসাকে? জানুন ৫ টিপস।
ছবি: সংগৃহীত
বানিয়ে নিন মুচমুচে স্ন্যাক্স
শুধু আলু নয়, আলুর খোসা দিয়েও আপনি নির্দ্বিধায় বানিয়ে নিতে পারেন মুচমুচে চিপস। তার জন্য কী করবেন? খোসাগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিন। এবার কড়াইতে ছাঁকা তেলে মুচমুচে করে ভেজে নেওয়া যায়। তেল এড়াতে চাইলে ১৮০ থেকে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ওভেনে ১০-১৫ মিনিট বেক করতে পারেন। এয়ার-ফ্রায়ার থাকলেও সুবিধা। নামিয়ে উপর থেকে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা বা লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিন। বিকেলের আড্ডায় তৈরি এক্কেবারে নতুন স্বাদের মুচমুচে স্ন্যাক্স।
ছবি: সংগৃহীত
গাছের সুরক্ষায় ভেষজ ছত্রাকনাশক
সাধের বাগানের গাছগুলো কি সাদা পাউডারের মতো ছত্রাকে নষ্ট হয়ে যাচ্ছে? বাজারচলতি রাসায়নিক স্প্রে কেনার প্রয়োজন নেই। এবার আলুর খোসাই হবে আপনার গাছের আসল রক্ষাকবচ। আলুর খোসায় 'সোলাইনিন' নামক একটি প্রাকৃতিক যৌগ থাকে। এর চমৎকার অ্যান্টিফাঙ্গাল গুণ ছত্রাক তাড়াতে ওস্তাদ। খোসাগুলো জলে ভালো করে ফুটিয়ে নিন। এতে সোলাইনিনের নির্যাস জলের সঙ্গে মিশে যাবে। এবার জল ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে আক্রান্ত গাছে ছড়িয়ে দিন। এক পয়সা খরচ না করেই মিলবে সম্পূর্ণ অর্গানিক সমাধান।
ছবি: সংগৃহীত
কেঁচোদের প্রিয় ভোজ
আপনার বাড়িতে যদি ভার্মিকম্পোস্ট তৈরির ব্যবস্থা থাকে, তবে আলুর খোসা সেখানে দারুণ কাজে আসবে। কেঁচোরা এই খোসা খুব আনন্দ করে খায়। এর ফলে তৈরি হয় চমৎকার উন্নতমানের জৈব সার। এটি মাটির উর্বরতা ও গঠন বাড়াতে অত্যন্ত কার্যকরী। তবে খোসাগুলো অবশ্যই সিদ্ধ করে নেবেন। এতে নতুন করে কুঁড়ি গজানোর ভয় থাকে না। কেঁচোদের হজম করতেও সুবিধে হয়।
ছবি: সংগৃহীত
কম্পোস্ট বিন
সাধারণ কম্পোস্ট বিনের জন্যও আলুর খোসা এক দারুণ উপাদান। নাইট্রোজেন সমৃদ্ধ হওয়ায় এটি কম্পোস্ট পাইলের জন্য উৎকৃষ্ট ‘গ্রিন মেটেরিয়াল’। তবে কম্পোস্টে পর্যাপ্ত তাপ না থাকলে আলুর চোখ থেকে চারা বেরিয়ে আসতে পারে। তাই খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে কম্পোস্টে মেশানোই বুদ্ধিমানের কাজ।
ছবি: সংগৃহীত
মাশরুম চাষের সহজ পুষ্টি
ফেলে দেওয়া খোসা দিয়ে ঘরের কোণেই মাশরুম চাষ করা সম্ভব। কাঠের গুঁড়োর সঙ্গে আলুর খোসা ভালো করে মিশিয়ে নিন। এবার সেখানে মাশরুমের বীজ বা স্পন রোপণ করুন। খোসার পুষ্টি উপাদান মাশরুমের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। মাশরুম তোলার পর অবশিষ্ট মিশ্রণটি বাগানের সার হিসেবে অনায়াসে ব্যবহার করা যায়।
