ধোসা খেয়ে মর্মান্তিক পরিণতি হল গোটা পরিবারের। মৃত্যু কোলে ঢলে পড়ল দুই শিশু। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা-বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আহমেদাবাদে। কিন্তু কী কারণে তাঁদের এহেন পরিণতি হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১ এপ্রিল মৃত দুই শিশুর বাবা বিমল নিকটবর্তী একটি দোকান থেকে ধোসা বানানোর জন্য ব্যাটার কিনেছিলেন। ওই দিন রাতেই বানানো হয় ধোসা। বিমল, তাঁর স্ত্রী ভাবনা এবং তাঁদের দুই শিশুকন্যা সেই ধোসা খায়। পরদিন সকাল থেকেই চারজন বমি করতে থাকে বলে অভিযোগ। ক্রমে তাঁদের অবস্থার অবনতি হলে ভর্তি করানো হয় হাসপাতালে। এরপর ৩ এপ্রিল মৃত্যু হয় এক শিশুর। তার রেশ কাটতে না কাটতেই পাঁচ এপ্রিল প্রাণ যায় আরও এক শিশুর। বর্তমানে বিমল এবং ভাবনা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
যে দোকান থেকে তাঁরা ব্যাটার কিনেছিলেন তার মালিক ঘনশ্যাম শাহ বলেন, “প্রতিদিন বহু মানুষই এখান থেকে ব্যাটার কেনেন। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। ঘটনার দিনও আমরা প্রায় ১০০ কেজি ব্যাটার বিক্রি করেছি। কারও কোনও সমস্যা হয়নি।”
