সৈকত রাজ্য গোয়ায় এক ধনকুবের ব্যবসায়ীপুত্রের বিনোদনের বলি হলেন ২৩ বছরের তরুণী। পাঁচতারা হোটেল কর্মরতা দীক্ষা পারওয়াদকর সহকর্মীর সঙ্গে একটি বাইকে করে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে ওই বাইকে ধাক্কা মারে বিলাসবহুল একটি মিনি কুপার গাড়ি। অভিযোগ, গাড়িটি চালাচ্ছিলেন রাজ্যের কোটিপতি ব্যবসায়ীর ২১ বছরের ছেলে দারিয়াস ডায়াস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দীক্ষার। গুরুতর আহত হয়েছেন তাঁর সহকর্মী। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীক্ষা পারওয়াদকর এবং ডি অরুণকুমার গোয়ারই একটি পাঁচতারা হোটেলের কর্মী। রবিবার রাতে কর্মস্থল থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাম্বোলিম-ডোনা পাওলা রোডে মনিপাল হাসপাতালের কাছে বাইকে ধাক্কা মারে মিনি কুপারটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের অভিঘাতে রাস্তায় ৫০ মিটার দূরে ছিটকে পড়েন দু'জনেই। গুরুতর আহত দীক্ষা এবং অরুণকুমারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তরুণীর।
পুলিশ জানিয়েছে, মিনি কুপারটি চালাচ্ছিলেন গোয়ার ধনকুবের হোটেল ও বেকারি ব্যবসায়ী অ্যান্ড্রু ডায়াসের ছেলে দারিয়াস ডায়াস। অভিযোগ, নতুন কেনা বিলাসবহুল গাড়িটি আইনত নথিবদ্ধই হয়নি। অস্থায়ী নম্বরে চালানো হচ্ছিল সেটিকে। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ ধারায় (অবহেলাজনিত মৃত্যু) একটি মামলা নথিভুক্ত করেছে। গোয়ার সংবাদপত্র 'ও হেরাল্ডো'-র একটি প্রতিবেদন অনুসারে, মৃতার পরিবার তদন্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠছে।
