পহেলগাঁও বর্ষপূর্তির আগে কাশ্মীরে নাশকতার ছক বানচাল করল পুলিশ। গ্রেপ্তার করা হল দুই পাক মদতপুষ্ট-সহ ৫ জঙ্গিকে। তার মধ্যে একজন দীর্ঘ ১৬ বছর ধরে গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে গিয়েছিল বলে খবর। মঙ্গলবার খবরটি প্রকাশ্যে এনেছে পুলিশ।
সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তাদের কাছে খবর ছিল, উপত্যকায় লুকিয়ে রয়েছে একটি জঙ্গি। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে যোগ রয়েছে পাক মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তইবার। দীর্ঘ তল্লাশির পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ৫ জঙ্গি। তাদের মধ্যে ২ জন পাকিস্তানি। তাদের নাম আব্দুল্লা ওরফে আবু হুরেইরা এবং ওসমান ওরফে খুবাইব।
তদন্তকারীদের একটি সূত্রের খবর, খুবাইব প্রায় ১৬ বছর আগে ভারতে অনুপ্রবেশে করেছিল। তখন থেকেই সে গোয়ান্দাদের নজরে ছিল। বারবার সে তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। সূত্রের খবর, পহেলগাঁও বর্ষপূর্তির আগে ভারতকে ফের রক্তাক্ত করার ছক করছিল এই জঙ্গিদলটি। জানা গিয়েছে, জঙ্গিদের মধ্যে তিন জন শ্রীনগরের বাসিন্দা।
