মঙ্গলবার রাতেই ইরান ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেই মধ্যপ্রাচ্যের দেশটিতে থাকা ভারতীয়দের জন্য নতুন করে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। নয়া নির্দেশিকায় বলা হয়েছে--- "পরবর্তী ৪৮ ঘণ্টা যেখানে আছেন সেখানেই থাকুন।" বিশেষ ভাবে ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে। এছাড়াও সমস্ত বৈদ্যুতিক ও সামরিক স্থাপনা এবং বহুতল ভবনের উপরের তলা এড়িয়ে চলার বার্তা দেওয়া হয়েছে।
তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে ইরানে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখনে বলা হয়েছে, "দূতাবাস কর্তৃক ভাড়া করা হোটেলে যাঁরা থাকছেন, তাঁরা হোটেলের ভেতরেই থাকবেন। দূতাবাস কর্মীরা নিয়মিত যোগাযোগ রাখবেন। পরিস্থিতি বিচার করে নতুন বার্তা দেওয়া হতে পারে। সেদিকে নজর রাখতে বলা হয়েছে। নির্দেশিকায় দূতাবাসের মোবাইল নম্বর, ইমেল আইডি দেওয়া হয়েছে জরুরি অবস্থায় যোগাযোগের জন্যে।
মার্কিন শর্তে রাজি না হলে ইরানকে বড় মূল্য দিতে হবে। হরমুজ খোলা নিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি হুঁশিয়ারি দিলেন, ”একটা গোটা সভ্য আজ রাতেই ধ্বংস হয়ে যাবে। যা আর ফেরানো যাবে না। আমি এটা ঘটাতে চাই না। কিন্তু এটা সম্ভবত ঘটতে চলেছে।”
তবে এমন কথা বললেও ট্রাম্প কিন্তু আস্তিনে কিছু তাস রেখে দিচ্ছেন। এও জানিয়েছেন, একেবারে শেষ মুহূর্তে আক্রমণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ”বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত রচিত হতে চলেছে।” সেই সঙ্গেই তাঁর প্রার্থনা, ”ইরানের মহান জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!”
